২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির দায়ে মেসির ২১ মাসের জেল

কর ফাঁকির অভিযোগে বার্সেলোনার তারকা ফরোয়ার্ড লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে স্পেনের একটি আদালত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2016, 05:08 PM

Updated : 11 Oct 2022, 08:28 PM

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য বুধবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের বাবা হোর্হে মেসিকেও ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তবে স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না।

মেসি ও তার বাবার আগের কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় তাদের আপাতত কারাগারে যেতে হবে না।

তবে জরিমানার শাস্তি থেকে রেহাই পাবেন না তারা। আদালত মেসিকে ২০ লাখ ইউরো ও তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করেছে।

সরকারি আইনজীবীদের অভিযোগ, বেলিজ ও উরুগুয়েতে নিবন্ধিত কয়েকটি কোম্পানির মাধ্যমে মেসির ইমেজ স্বত্ব থেকে পাওয়া আয় গোপন করা হয়।

মেসি অবশ্য বার বার বলে আসছিলেন, তার আর্থিক বিষয়ে তিনি কিছুই জানেন না। সব দেখেন তার বাবা। তিনি শুধু ‘ফুটবল খেলেন’।

২০১৩ সালের অগাস্টে মেসি ও মেসির বাবা ফাঁকি দেওয়া কর আর এর সুদ বাবদ ৫০ লাখ ইউরো পরিশোধ করেছিলেন। তাতেও আর শাস্তি এড়ানো গেল না।