২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিরুদকে ভয় পাচ্ছে না জার্মানি

সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জিততে হলে অলিভিয়ে জিরুদকে সামলাতে হবে বলে মনে করেন মানুয়েল নয়ার। তবে জার্মানির গোলরক্ষকের দাবি, এই ফরোয়ার্ডকে তারা ভয় পাচ্ছে না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 10:10 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

মার্সেইতে আগামী বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনালে স্বাগতিক ফ্রান্সের মুখোমুখি হবে জার্মানি।

২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গ্রুপ পর্বের দুটি ম্যাচেই নয়ারের জালে বল পাঠিয়েছিলেন আর্সেনালের ফরোয়ার্ড জিরুদ। গত বছরের নভেম্বরে প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে ফ্রান্সের ২-০ ব্যবধানের জয়ে প্রথম গোলটিও করেছিলেন তিনি। 

নয়ার বলেন, “বক্সের ভেতরে জিরুদ খুব বিপজ্জনক শিকারি। সে বাতাসে শক্তিশালী, সেন্ট্রাল ডিফেন্ডারদের জন্য সে বিপজ্জনক।”

“কিন্তু আমরা তাকে চিনি এবং তার জন্য প্রস্তুতি নিতে পারব। প্রতিপক্ষ দলের বিশেষ একজন খেলোয়াড়ের উপর বেশি মনোযোগ দেওয়াটা আমি পছন্দ করি না। তাদের অন্য খেলোয়াড়দের মানও অনেক ভালো।”

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বায়ার্নকে ছিটকে ফেলে আতলেতিকো মাদ্রিদ। দ্বিতীয় পর্বের ম্যাচে নয়ারের বিপক্ষে গোল পেয়েছিলেন ফ্রান্সের আরেক ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান। ৪ গোল নিয়ে এখন পর্যন্ত এবারের ইউরোর সর্বোচ্চ গোলদাতা তিনিই। 

নয়ার বলেন, “গ্রিজমান ওয়ান-অন-ওয়ান এবং প্রতিআক্রমণে অবিশ্বাস্য রকমের শক্তিশালী। আমরা সবাই জানি, সে বাতাসে শক্তিশালী, তার টাইমিং খুব ভালো। আমাদের অনেক জিনিসের উপর নজর রাখতে হবে।”

“আমাদের খুব গোছানো থাকতে হবে এবং রক্ষণের অবস্থান ঠিক রাখা নিশ্চিত করতে হবে আমাদের।”