চ্যালেঞ্জ নিতে প্রস্তুত মরিনিয়ো
ম্যানচেস্টার ইউনাইটেডকে নতুন করে গড়ে তোলার চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত বলে দাবি করেছেন জোসে মরিনিয়ো।
নেদারল্যান্ডসের লুই ফন খালের জায়গায় দায়িত্ব নেওয়া মরিনিয়ো জানান, ইউনাইটেডের কোচ হওয়ার স্বপ্ন আগে থেকেই ছিল তার।
“আমি যেখানে থাকতে চেয়েছি সেখানেই আছি। আমি মনে করি, এটা এমন একটা চাকরি, যেটা প্রত্যেকেই চায় এবং সবার এটা পাওয়ার সুযোগ হয় না। আমি পেয়েছি।”
ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলের শীর্ষ প্রতিযোগিতায় ২০ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেড গত মৌসুমে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে। তারা চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পায়নি বলে মরিনিয়ো হতাশ হয়েছেন বলে জানান।
“অনেক বছর ধরে সাফল্য ছিল নিয়মিত এবং এই মুহূর্তে সবশেষ তিন বছর ভুলে যেতে হবে। আমি চাই, খেলোয়াড়রা এটা ভুলে যাক। আমি চাই না খেলোয়াড়রা ভাবুক যে আমাদের আরও ভালো করতে হবে এবং চতুর্থ হতে হবে। চতুর্থ হওয়া লক্ষ্য নয়।”
ইউনাইটেডকে নিয়ে নিজের লক্ষ্যের কথা বলেন মরিনিয়ো।
“আমি সবকিছু চাই। আমি ম্যাচগুলো জিততে চাই, ভালো খেলতে চাই, আমি গোল খেতে চাই না। আমি সমর্থকদের আমাদের পাশে চাই। অবশ্যই আমরা সব কিছু জিতব না, কিন্তু জিততে চাই।”
