২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অশ্রুসিক্ত মেসিকে দেখা কষ্ট দেয় রোনালদোকে

ক্রিস্তিয়ানো রোনালদো এবার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির পাশে দাঁড়ালেন! বললেন, অশ্রুসিক্ত মেসিকে দেখাটা তার জন্য কষ্টের। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড আশাবাদী, অবসর ভেঙে আর্জেন্টিনার জার্সিতে ফিরবেন মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 10:23 AM

Updated : 12 Apr 2022, 02:24 AM

কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর আর্জেন্টিনাকে হঠাৎ বিদায় বলে দেন মেসি। সেই থেকে বার্সেলোনার এই ফরোয়ার্ডকে সিদ্ধান্ত বদলানোর জন্য অনুরোধ করে যাচ্ছে ব্রাজিল কিংবদন্তি পেলে, রোনালদো, আর্জেন্টাইন গ্রেট দিয়েগো মারাদোনাসহ আরও অনেকে।
 
চরম হতাশা থেকেই মেসি কঠিন সিদ্ধান্তটা নিয়েছে বলে মনে করছেন রোনালদোও। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে পেনাল্টি থেকে গোল করতে না পারা মেসিকে এই পর্তুগিজ ফরোয়ার্ড মনে করিয়ে দিলেন, ফুটবলে এমনটা হতেই পারে।
 
“মেসি খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং মানুষের এটা বোঝা উচিত। সে হারতে, হতাশ হতে অভ্যস্ত নয়। এমনকি দ্বিতীয় হতেও অভ্যস্ত নয়। পেনাল্টি মিস করা আপনাকে বাজে খেলোয়াড় বানাতে পারে না।”
 
স্পেনের দেপোর্তিভো মুন্দোর সঙ্গে আলাপচারিতায় মেসির প্রতি সহমর্মিতা জানান রোনালদো। ফুটবলপ্রেমীদের একান্ত চাওয়াটাও বেজে উঠল রিয়ালের এই তারকার কণ্ঠে।
 
“মেসির চোখে পানি দেখাটা কষ্ট দেয় এবং আমি আশা করি, সে তার দেশের হয়ে ফিরবে।”