লড়াইয়ের আগে বেলের রোনালদো স্তুতি
রিয়াল মাদ্রিদের আক্রমণভাগে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেন দুজন; কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে এখন তারা মুখোমুখি। মাঠের লড়াইয়ে নামার আগে পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর বন্দনায় মাতলেন ওয়েলসের গ্যারেথ বেল। অবশ্য এটা জানাতেও ভোলেননি, লড়াইটা তাদের দুজনের নয়; দুটি দেশের।
আগামী বুধবার ফ্রান্সের লিওঁতে টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে দুই দল। প্রথমবারের মতো ইউরোতে খেলতে আসা ওয়েলস বেলে ভর করে রেকর্ডটা আরও ভালো করার আশায়। এদিকে রোনালদোয় সওয়ার হয়ে আবারও ফাইনালের মঞ্চে ওঠার স্বপ্নে বিভোর পর্তুগাল।
ম্যাচের আগে প্রতিপক্ষ দলের সেরা তারকার প্রশংসা করে তার সামর্থ্য সম্পর্কেও ওয়েলস সতীর্থদের বার্তা দিয়ে রাখলেন বেল।
“অবশ্যই রিয়ালে আমাদের সম্পর্ক দারুণ, আমরা পরস্পরের সঙ্গে খেলাটা উপভোগ করি। সে চমৎকার একজন খেলোয়াড়; সে কী করতে পারে, সেটা সবাই জানে।”
“কিন্তু আমরা কী করতে পারি, একটা দল হিসেবে আমরা কী করি, সেটা নিয়েই আমরা সবসময় কথা বলেছি। প্রতিপক্ষ নিয়ে আমরা চিন্তিত নই।”
রোনালদোর মুখোমুখি হওয়ার আগে কোনো চাপ অনুভব না করার কথাও জানান বেল। ঘনিষ্ঠ বন্ধু থেকে এ ম্যাচে প্রতিপক্ষ হয়ে যাওয়া রোনালদো মানসিক অবস্থা নিয়েও নিশ্চিত নন তিনি।
“রোনালদো স্নায়ুর চাপ অনুভব করছে কিনা আমি নিশ্চিত নই। সে কী অনুভব করছে তা নিয়ে আমি মন্তব্য করতে পারি না। আমি সাচ্ছ্বন্দ্যবোধ করছি এবং আমরা নিজেরা নিজেদের মতো করে উপভোগ করছি।”
বেল বুঝিয়ে দিয়েছেন, ক্লাবের বন্ধুত্বকে এক পাশে সরিয়ে রেখেই মাঠের লড়াইয়ে নামবেন তিনি। লিওঁর সেমি-ফাইনালকে বেল বনাম রোনালদো বলার পক্ষেও নন ওয়েলসের এই তারকা।
“ম্যাচটা দুই খেলোয়াড় সম্পর্কিত না, এটা দুই দেশের সেমি-ফাইনাল। এগারো বনাম এগারো জনের খেলা। সবাই আসলে সেটাই জানে।”
