কৌশলী আইসল্যান্ডকে নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলতে এসেই চমক দেখানো আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক ফ্রান্স। ফুটবল ইতিহাস ঐতিহ্যে প্রতিপক্ষের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকলেও দিদিয়ে দেশমের মতে, যোগ্যতার বলে টুর্নামেন্টের এ পর্যায়ে উঠে আসা 'ছোট' দলটিকে অবহেলা করার সুযোগ নেই।
অনেকের মতে, শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে শেষ আটে ওঠা আইসল্যান্ডের বড় শক্তির জায়গা 'লং-থ্রো', যে কোনো প্রতিপক্ষের জন্যই তা হতে পারে বড় হুমকি। টুর্নামেন্টের স্বাগতিক ফ্রান্সের কোচ দেশমের অভিমত, শুধু এই একটা দিকের কথা বললে দলটিকে ছোট করা হয়।
শনিবার সংবাদ সম্মেলনে দেশম জানান, দলের সবাই আইসল্যান্ডের ম্যাচগুলো দেখেছে। তাই তার খেলোয়াড়েরা আইসল্যান্ডের শক্তিমত্তা নিয়ে সচেতন।
“তারা ভালোমতোই সচেতন যে, আইসল্যান্ড দুর্ঘটনাবশত এখানে আসেনি। বাছাইপর্ব পেরিয়ে এখানে তাদের আসতে হয়েছে এবং শেষ ষোলোয় ইংল্যান্ডকে হারিয়েছে তারা। তারা এখানে কারণ তারা এর যোগ্য।”
দেশমের মতে, আইসল্যান্ড দ্রুতগতির ফুটবল খেলতেও সক্ষম এবং তাদের অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে।
“তাদের লং থ্রোয়ার আছে এবং একজন থ্রোয়ার তাদের সামনে এগিয়ে নিতে পারে। আমরা এটা বিবেচনায় নিয়েছি এবং তাদের খেলার এই অংশটা প্রতিহত করার চেষ্টা করব। তবে আইসল্যান্ড শুধু লং থ্রো করতে পারে, এমন দল নয়।”
বাছাইপর্বে নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলকে হোম ও অ্যাওয়ে ম্যাচে হারানো আইসল্যান্ড 'এ' গ্রুপের রানার্সআপ হয়ে মূল পর্বে ওঠে।
