২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে ছন্দহীন সিদ্দিকুর

তাইওয়ানের আসরে এখনও প্রত্যাশিত আলো ছড়াতে পারেননি সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে সব মিলিয়ে পারের সমান শট খেলে চার জনের সঙ্গে যৌথভাবে ৫৬তম স্থানে আছেন বাংলাদেশের এই গলফার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2016, 01:24 AM

Updated : 12 Apr 2022, 02:23 AM

তাইপের লিঙ্কু ইন্টারন্যাশনাল গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শনিবার তৃতীয় দিনের খেলায় দুটি বার্ডি ও তিনটি বোগি করেন সিদ্দিকুর। আগের রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করে কষ্টে ‘কাট’ এড়ান এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।

ইয়েঙ্গডার টুর্নামেন্ট প্লেয়ার চ্যাম্পিয়নশিপে সিদ্দিকুরের শুরুটা আরও বাজে ছিল; একটি বার্ডি ও তিনটি বোগি নিয়ে ১০ জনের সঙ্গে যৌথভাবে ১০০তম স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করেন তিনি।

তিন রাউন্ড শেষে পারের চেয়ে ১৩ শট কম খেলে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার গলফার স্কট বার।

এশিয়ান ট্যুরের দুটি শিরোপার সর্বশেষটি সিদ্দিকুর জিতেছিলেন ২০১৩ সালে; হিরো ইন্ডিয়ান ওপেনে। আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও দে জেনোইরোর অলিম্পিকে খেলার সুযোগ ধরে রাখতে তাইওয়ানের এই আসর তার জন্য গুরুত্বপূর্ণ।

গত মেতে হওয়া মরিশাস ওপেনে দ্বিতীয় হওয়ার পর বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৭৪তম স্থানে উঠে আসেন সিদ্দিকুর। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের অবস্থান তাকে অলিম্পিক র‌্যাঙ্কিংয়ে ৫৪তম স্থানে নিয়ে এলে সরাসরি অলিম্পিকে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়।

২৯ জুন সর্বশেষ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ২৯৬তম ও অলিম্পিক র‌্যাঙ্কিংয়ে ৫৫তম স্থানে আছেন ২০১০ সালে ব্রুনাইয়ের আসরে প্রথম এশিয়ান ট্যুরের শিরোপা জেতা এই গলফার। আগামী ১১ জুলাইয়ের অলিম্পিক র‌্যাঙ্কিংয়ে ৬০ জনের মধ্যে থাকলে রিও দে জেনেইরোর আসরে খেলার স্বপ্ন পূরণ হবে তার।

নিয়ম অনুযায়ী আগামী ১১ জুলাইয়ের বিশ্ব র‌্যাঙ্কিং থেকে ৬০ জন গলফার অলিম্পিকে খেলার সুযোগ পাবেন। তবে র‌্যাঙ্কিংয়ের সেরা ১৫ জনের মধ্যে প্রতি দেশ থেকে সর্বোচ্চ ৪ জন এবং সেরা পনেরোর পর প্রতি দেশ থেকে সর্বোচ্চ দুই জন সুযোগ পাবেন। কোনো দেশের কোটা পূর্ণ হয়ে গেলে র‌্যাংঙ্কিংয়ের উপরের দিকে থাকলেও আর সুযোগ মিলবে না সেই দেশের অন্য গলফারদের।