জোকোভিচকে বিদায় করে স্যাম কুয়েরির চমক
উইম্বলডনের তৃতীয় রাউন্ড থেকে শিরোপাধারী নোভাক জোকোভিচকে বিদায় করে সেরা চমক উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্যাম কুয়েরি।৬-৭ (৬), ১-৬, ৬-৩, ৬-৭ (৫) গেমে হেরেছেন ছেলেদের এককের বর্তমান বিশ্বসেরা জোকোভিচ।
দুজনের তৃতীয় রাউন্ডের ম্যাচটি শুরু হয় গত শুক্রবারে। কিন্তু বৃষ্টির কারণে তিন দফায় বন্ধ হওয়ার পর শনিবার শেষ হয় খেলা।
উইম্বলডনের গত দুই আসরের শিরোপা জেতা জোকোভিচই ছিলেন এ ম্যাচে ফেভারিট। কিন্তু র্যাঙ্কিংয়ের ৪১তম কুয়েরি প্রথম দুই সেট জিতে চমকে দিয়ে এগিয়ে যান।
তৃতীয় সেটে ৬-৩ গেম ব্যবধানের জয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ১২টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সার্বিয়ান তারকা কিন্তু শেষ রক্ষা হয়নি। চতুর্থ সেটে দারুণ লড়েও হার মানেন কদিন আগে ফ্রেঞ্চ ওপেন জিতে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূরণ করা জোকোভিচ।
যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড়ের কাছে এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার হারলেন জোকোভিচ। ২০১২ সালে বিএনপি পারিবাস ওপনে তিন সেটের লড়াইয়ে সার্বিয়ান তারকার বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছিলেন কুয়েরি।
