‘পর্তুগালের সব পরিকল্পনা রোনালদোকে ঘিরে নয়’
পর্তুগালের সব পরিকল্পনা রোনালদোকে ঘিরে করা হয় না বলে দাবি করেছেন ফের্নান্দো সান্তোস। তবে তারকা এই ফরোয়ার্ডের থেকে সেরাটা পাওয়ার জন্য সেই অনুযায়ী দল সাজান বলে জানান দেশটির কোচ।
সাম্প্রতিক সময়ে ৪-৩-৩ ফর্মেশনটা যেন পর্তুগালের জন্য সাধারণ হয়ে গিয়েছিল। কিন্তু সান্তোস এই ফর্মেশন থেকে সরে আসেন। ইউরোতে এ পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই দলকে ৪-৪-২ ফর্মেশনে খেলান তিনি, যেখানে নানির সঙ্গে রোনালদো সেন্টার ফরোয়ার্ড হিসেবে খেলেন।
আইসল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে ব্যর্থতার পর রোনালদো এবারের ইউরোতে গোলের দেখা পান হাঙ্গেরির সঙ্গে ৩-৩-এ ড্র করা গ্রুপ পর্বের শেষ ম্যাচে।
রোনালদোর সঙ্গে মানানসই বলেই সান্তোস ফর্মেশন পরিবর্তন করেছেন? এই প্রশ্নের উত্তরে পর্তুগালের কোচ ফরাসি দৈনিক লেকিপকে বলেন, “এটাই, কিন্তু শুধু এর জন্য নয়। সবকিছু রোনালদোকে ঘিরে ঘোরে না, এমনকি সে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার পরেও নয়।”
“ক্রিস্তিয়ানো একজন উইঙ্গার বা স্ট্রাইকার নয়। এই কারণে আমাদের যেটার অভাব আছে সেই ভারসাম্য খুঁজছি, আমার মতে ৪-৪-২ ফর্মেশনে আমরা আরও ভালো সমাধান খুঁজে পেতে পারি।”
এর পর বিষয়টি আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন সান্তোস।
“(৪-৩-৩ ফর্মেশনে) আমরা যদি ক্রিস্তিয়ানোকে একজন স্ট্রাইকার হিসেবে খেলাই, এতে তার মেধার কিছুটা অপচয় হবে, এটা তার মানও কমাবে। এটা কল্পনাই করা যায় না।”
রোনালদোকে বাঁ পাশে খেলতে দিলেই প্রতিপক্ষের রক্ষণে বেশি চাপ প্রয়োগ করা সম্ভব বলে মনে করেন সান্তোস।
