‘শক্তিশালী’ ইতালিকে নিয়ে সতর্ক ইনিয়েস্তা
ইউরোর গত আসরের ফাইনালে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই শিরোপা জিতেছিল স্পেন। এবার শেষ ষোলোতেই শক্তিশালী এই প্রতিপক্ষকে পেয়ে সতর্ক স্পেনের তারকা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
ফ্রান্সের সাঁ-দেনিতে ম্যাচটি শুরু হবে আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায়।
ইউরোতে ইতালির বিপক্ষে আবার মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের সাবধান করে দিলেন ইনিয়েস্তা।
“তারা শক্তিশালী এক প্রতিপক্ষ, কঠিন প্রতিপক্ষ এবং ভালো একটি ম্যাচ হবে এটা।”
“চার বছর আগের ফাইনালটি ছাড়া আমাদের মধ্যে সবগুলো ম্যাচেই খুব কঠিন লড়াই হয়েছে। ইতালির দারুণ সব খেলোয়াড় এবং দারুণ রক্ষণভাগ আছে।”
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জেতার পর সবশেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় স্পেন। তবে এই হারের ধাক্কা সামলে ভালো করার প্রত্যয়ের কথা বলেন ইনিয়েস্তা।
“এই পরিস্থিতি আমাদের যথাযথ আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করতে হবে। কারণ, আমি বিশ্বাস করি যে নিজেদের পর্যায়ে খেলতে পারলে পরের রাউন্ডে যাওয়ার ভালো সুযোগ আছে আমাদের।”
