২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিও অলিম্পিকে যাচ্ছেন তিরন্দাজ শ্যামলী

বাংলাদেশের আর্চার শ্যামলী রায় রিও দে জেনেইরোর অলিম্পিকে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন। শুটার আব্দুল্লাহ হেল বাকির পর বাংলাদেশের দ্বিতীয় অ্যাথলেট হিসেবে ওয়াইল্ড কার্ড পেলেন ২৩ বছর বয়সী এই তিরন্দাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2016, 07:49 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

আগামী ৫ অগাস্ট ব্রাজিলের রিও দে জেনোইরোতে শুরু হবে অলিম্পিকের পরের আসর। বৃহস্পতিবার শ্যামলীর ওয়াইল্ড কার্ড পাওয়ার কথা নিশ্চিত করেন বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল।

“রিও দে জেনোইরো অলিম্পিকের জন্য আমরা দুটি ওয়াইল্ড কার্ড চেয়েছিলাম। আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং গেমসের আয়োজক কমিটি শ্যামলীর জন্য একটি ওয়াইল্ড কার্ড দিয়েছে। তারা গত বছর ডেনমার্কের কোপেনহেগেনে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্স বিবেচনা করে শ্যামলীকে এটা দিয়েছে এবং আমি মনে করি, যোগ্য হিসেবেই সে এটি পেয়েছে।”

ডেনমার্কের কোপেনহেগেনের ওই আসরে ৩২তম হওয়া শ্যামলী অলিম্পিকে খেলার সুযোগ পাওয়ার উচ্ছ্বাসে ভাসছেন।

“আমি বিশ্বাসই করতে পারছি না। কখনও ভাবিনি জাতীয় দলে দুই বছর খেলার পর আমি অলিম্পিকে অংশ নিতে পারব। ফেডারেশনের কাছে আমি খুবই কৃতজ্ঞ।”