২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊষার পেছনেই ছুটছে মেরিনার ইয়াংস

বাংলাদেশ এসসিকে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকির শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়েছে ঊষা ক্রীড়া চক্র। তবে ওয়ান্ডারার্সকে উড়িয়ে ঊষার পেছনেই আছে মেরিনার ইয়াংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2016, 07:36 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

১৩ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা। দ্বিতীয় স্থানে থাকা মেরিনারের পয়েন্ট ৩৪। ২৯ পয়েন্ট নিয়ে আবাহনী লিমিটেড তৃতীয় ও ২৬ পয়েন্ট নিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব চতুর্থ স্থানে রয়েছে।

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার লিগের সুপার সিক্সের প্রথম খেলায় বাংলাদেশ এসসিকে ৬-২ গোলে হারায় ঊষা। ষষ্ঠ মিনিটে অবশ্য সেরাজ আলির গোলে এগিয়ে যায় বাংলাদেশ এসসি। এরপর টানা ছয় গোল হজম করে দলটি।

ষোড়শ মিনিটে পুস্কর ক্ষীসা মিমোর গোলে সমতায় ফেরা ঊষাকে ৪৮তম মিনিটে এগিয়ে নেন মোহাম্মদ ইরফান। এরপর কৃষ্ণ কুমার দুটি, হাসান যুবায়ের নিলয় ও আলিম বেলাল একটি করে গোল দিয়ে ৬-১ ব্যবধানে এগিয়ে যায় ঊষা। শেষ দিকে বেলাল বাংলাদেশ এসসির হারের ব্যবধান কমান।

বুধবার অপর ম্যাচে সারোয়ার মোর্শেদের গোলে এগিয়ে যাওয়ার পর পথ হারায় ওয়ান্ডারার্স। মইনুল ইসলাম কৌশিকের হ্যাটট্রিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মেরিনার। ১৫, ২৪ ও ৩২তম মিনিটে টানা তিন গোল করেন কৌশিক। 

দ্বিতীয়ার্ধে তৌফিক, ফজলে হোসেন রাব্বি, রিমন কুমার ঘোষ, আশরাফুল ইসলাম একটি করে এবং কৌশিক ব্যক্তিগত চতুর্থ গোল করলে ৮-১ গোলের বড় জয় নিশ্চিত হয় মেরিনারের।