ইতালির সঙ্গে ‘নাচতে’ প্রস্তুত স্পেন
ক্রোয়েশিয়ার কাছে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা ষোলোতে স্পেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে আরেক পরাশক্তি ইতালিকে। স্পেনের ডিফেন্ডার সের্হিও রামোস জানালেন, চেনা প্রতিপক্ষের সঙ্গে সেরা আটে ওঠার লড়াইয়ে নামতে প্রস্তুত তারা।
গত মঙ্গলবার রাতে আলভারো মোরাতার গোলে এগিয়ে গেলেও ক্রোয়েশিয়ার কাছে শেষ পর্যন্ত ২-১ গোলে হারে স্পেন। এ হারে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে সেরা ষোলোয় ওঠা রামোসদের ইতালির বিপক্ষে খেলা নিশ্চিত হয়।
ইতালিকে ৪-০ গোলে হারিয়ে গতবার টানা দ্বিতীয়বারের মতো ইউরো জিতেছিল স্পেন। আরেকবার তাদের হারাতে প্রস্তুত বলে জানান ক্রোয়েশিয়া ম্যাচে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে ব্যর্থ হওয়া রামোস।
“ফেভারিটদের সঙ্গে আমাদের নাচতে হবে এখন; চ্যাম্পিয়ন হতে হলে আপনার তাদের মুখোমুখি হওয়া প্রয়োজন।”
“এই ইউরো শুধু প্রমাণ করছে, যে কেউ যে কাউকে হারাতে পারে। এক একটা ম্যাচ নিয়ে আমাদের ভাবা দরকার।”
পেনাল্টি থেকে গোল না পাওয়ায় হতাশ রিয়াল মাদ্রিদের এই ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার।
“আমি পেনাল্টির সুযোগ পেয়েছিলাম কিন্তু সেটা মিস করলাম। এটা পীড়াদায়ক। তারপরও আমরা সেরা ষোলোয় উঠেছি কিন্তু এখন আরও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে।”
ক্রোয়েশিয়া ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ইতালিকে আটকে রাখার লক্ষ্যটাও জানালেন রামেস।
“ফল ছাড়া দল সব কিছুতে দল ভালো আছে। আমরা ভালো ফল পেতে পারতাম কিন্তু এখন আমাদের এগিয়ে যেতে হবে। এই (ক্রোয়েশিয়া) ম্যাচ থেকে শিখতে হবে, যাতে শেষ ষোলোয় (ভুলগুলো) এড়াতে পারি এবং এর আগের ম্যাচগুলোর মতো গোল না খেয়ে খেলা শেষের চেষ্টা করতে পারি।”
ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে পড়ে থাকতে রাজি নন স্পেন কোচ ভিসেন্তে দেল বস্কও। দলের ব্যর্থতার দায় নিজেও নিচ্ছেন স্পেন কোচ।
“আমি মনে করি না নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করার আছে। আমরা হেরেছি; সবাই মিলে হেরেছি। দোষটা আমাদের।”
