সুপার সিক্সে জয়ে শুরু ঊষার
রাউন্ড রবিন লিগের দাপট সুপার সিক্সেও ধরে রেখেছে ঊষা ক্রীড়া চক্র। প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সের নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে শীর্ষে থাকা দলটি। সোমবার অন্য ম্যাচে বাংলাদেশ এসসিকে উড়িয়ে দিয়েছে মেরিনার ইয়াংস।
সুপারি সিক্সের প্রথম দিনের খেলায় ওয়ান্ডারার্সকে ৬-০ গোল হারায় ঊষা।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার আলিম বেলালের হ্যাটট্রিকে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় ঊষা। ১২, ২৩ ও ৩৮তম মিনিটে গোল তিনটি করেন পাকিস্তানের এই খেলোয়াড়।
এরপর হাসান যুবায়ের নিলয়, পুস্কর ক্ষীসা মিমো ও কৃষ্ণ কুমারের গোলে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রাউন্ড রবিন লিগে সেরা হওয়া ঊষা।
বাংলাদেশ এসসিকে ১১-১ গোলে হারায় মেরিনার ইয়াংস। প্রথমার্ধে চারটি ও দ্বিতীয়ার্ধে আরও দাপটের সঙ্গে খেলে সাত গোল তুলে নেয় তারা।
রিমন কুমার ঘোষ তিনটি এবং তৌফিক ও ফজলে রাব্বি দুটি করে গোল দেন। ইশতিয়াক আহমেদ, আরশাদ হোসেন, আশরাফুল ইসলাম ও ওয়াকাস শরিফ একটি করে গোল দেন। বাংলাদেশ এসসির একমাত্র গোলদাতা শাহিদ।
