সমালোচনা পাত্তা দিচ্ছেন না পগবা
সমালোচকদের কথা কানে তুলছেন না পল পগবা; তাদের বাঁকা কথার পাল্টা জবাবও দিচ্ছেন না। তরুণ এই মিডফিল্ডার বরং জানিয়েছেন, সমালোচকরা যে যাই বলুক না কেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্স এগিয়ে যাবে।
রোববার রাতে পগবা, দিমিত্রি পায়েতরা দারুণ খেললেও সুইজারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে ফ্রান্স। তবে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ ষোলোয় উঠেছে দিদিয়ে দেশমের দল। ম্যাচ শেষে নিজের ও দলের খেলা নিয়ে তুষ্টির কথা জানান পগবা।
“আমি ফুটবল খেলি; দলের জন্য খেলি। এ নিয়ে কথা হবে ভালো বা মন্দ। আমরা জয়ের সুযোগ পেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত একটা পয়েন্ট পেয়েছি। গ্রুপের শীর্ষে থেকে আমরা খুশি। এই অভিযান চলবে। আর সমালোচনা? এ নিয়ে কাউকে কোনো উত্তর দেওয়ার নেই আমার।”
সুইজারল্যান্ডের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখলেও গোল পাননি পগবা। তবে দলের প্রয়োজন অনুযায়ী খেলতে পেরে খুশি ইউভেন্তুসের এই মিডফিল্ডার।
“ম্যাচের শুরুতে আমি আক্রমণভাগে ছিলাম এবং আমরা ভালো ছিলাম। এরপর তারা (সুইজারল্যান্ড) অনেক জায়গা পেল এবং তাৎক্ষণিকভাবে আমি নিচে আসতে বাধ্য হলাম।”
