এরপরও রোনালদোই নেবেন পেনাল্টি
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল না করতে পারলেও পর্তুগাল অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো কোচের আস্থায় আছেন।
ম্যাচের শেষের দিকে প্রয়োজনীয় ৩ পয়েন্ট পাওয়ার এমন সুযোগ হারিয়ে অনেকে কাছে খলনায়ক হয়ে যাওয়া এই ফরোয়ার্ডই পরের ম্যাচগুলোতে স্পট কিক নেবেন বলে জানিয়ে দিয়েছেন ফের্নান্দো সান্তোস।
ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্যারিসে গত শনিবার রাতে অস্ট্রিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র করে ২০০৪ আসরের রানার্সআপ পর্তুগাল। ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করেও গোলরক্ষক রবার্ট আলমারকে পরাস্ত করতে পারেননি রোনালদো-নানিরা। ৭৯তম মিনিটে পেনাল্টির সুযোগ নষ্ট করে দলের হতাশা আরও বাড়ান রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড।
রিয়াল ও পর্তুগালের হয়ে নেওয়া সব শেষ পাঁচ পেনাল্টিতে এ নিয়ে চার বার লক্ষ্যভেদে ব্যর্থ হলেন রোনালদো। তবে পেনাল্টি ভাগ্যকে পাশে না পেলেও সান্তোসকে দুঃসময়ে পাশে পাচ্ছেন তিন বারের বর্ষসেরা এই ফুটবলার।
ফ্রি-কিক নিয়ে অবশ্য রোনালদোকে পরোক্ষভাবে চাপে রেখেছেন রাফায়েল গেররেইরো। দলের সেরা তারকার অনুপস্থিতিতে ইউরোর আগে নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করেন রাফায়েল। পর্তুগালের এই লেফট ব্যাক ‘ফ্রি কিক বিশেষজ্ঞ’ নাম পেলেও রোনালদোরই ফ্রি-কিক নেওয়ার পক্ষেই সান্তোস।
“ক্রিস্তিয়ানো সব সময় ফ্রি-কিক নিতে চায় এবং সব সময় সে-ই এটা নেয়। যদি রাফায়েল ওই গোলটা না করত, তাহলে এটা নিয়ে কেউ কথা বলত না।”
ম্যাচ শেষে পেনাল্টি ‘মিস’ নিয়ে হতাশার কথা জানিয়েছিলেন ৩১ বছর বয়সী রোনালদো। ফ্রান্সের প্যারিসে অস্ট্রিয়ার বিপক্ষে পর্তুগালের হয়ে ১২৮তম ম্যাচ খেলতে নামেন তিনি। ছাড়িয়ে যান দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার আগের রেকর্ডধারী লুইস ফিগোকে।
