২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে রুখতে পারায় আলমারের ‘বিশেষ দিন’

ক্রিস্তিয়ানো রোনালদোদের একের পর এক আক্রমণ রুখে নিজেদের জাল অক্ষত রাখতে পেরে দারুণ খুশি রবার্ট আলমার। মূল্যবান এক পয়েন্ট নিশ্চিত করতে পারায় অস্ট্রিয়ার এই গোলরক্ষকের কাছে এটা এক ‘বিশেষ দিন’।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 09:24 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

শনিবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ম্যাচের পুরোটা সময় জুড়ে অস্ট্রিয়ার রক্ষণে চাপ ধরে রাখলেও গোলরক্ষক আলমারের নৈপুণ্যে কাঙ্ক্ষিত গোল পায়নি পর্তুগাল।

অন্যদিকে রোনালদো ও তার দল পর্তুগালের জন্য এটা হতাশার এক রাত। অনেকগুলো প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ৭৯তম মিনিটে তিন পয়েন্ট নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু পেনাল্টি থেকেও গোল করতে না পেরে অনেকের কাছেই খলনায়কে পরিণত হন তিনি।

দারুণ পারফরম্যান্স শেষে আলমারের কণ্ঠে তাই উচ্ছ্বাস, “আমি খুশি।”

“বিশেষ একটা দিন, আমার জন্য এটা দারুণ একটা ব্যাপার যে আমি ক্রিস্তিয়ানোর বল ঠেকাতে পারি এবং আমি মনে করি, এটা আমাকে আরেকটু আত্মবিশ্বাস দেবে।”

১ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সবার নিচে আছে আলমারের দল অস্ট্রিয়া। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হাঙ্গেরি।

আইসল্যান্ড ও পর্তুগালের পয়েন্ট সমান ২।