২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ডের দিন দুঃখী রোনালদো

দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়লেও মন খারাপ ক্রিস্তিয়ানো রোনালদোর। কারণ তার ব্যক্তিগত মাইলফলক গড়ার এই ম্যাচে হোঁচট খেয়েছে তার দল পর্তুগাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 07:33 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

শনিবার রাতে ফ্রান্সের প্যারিসে অস্ট্রিয়ার বিপক্ষে পর্তুগালের হয়ে ১২৮তম ম্যাচ খেলতে নামেন রোনালদো। ছাড়িয়ে যান আগের রেকর্ডধারী লুইস ফিগোকে।

ফিগোর মতো তারকাকে ছাড়িয়ে এমন রেকর্ডের মালিক হওয়াটা অনেক আনন্দের বলে জানান রোনালদো। কিন্তু জয় দিয়ে তা উদযাপন করতে না পারায় কষ্টের কথাও জানান ৩১ বছর বয়সী এই তারকা।

উয়েফাকে রোনালদো বলেন, “কিংবদন্তি ফিগোকে ছাড়িয়ে ১২৮ ম্যাচের রেকর্ড গড়াটা গর্বের বিষয়। আমি অন্তরের গভীর থেকে জানি, তিনিও (ফিগো) এতে গর্বিত।”

“অবশ্যই আমি কিছুটা দুঃখিতও, কারণ এভাবে আমি রেকর্ডটা ভাঙতে চাইনি। জয় দিয়ে এটা করতে পারাটা সবচেয়ে সুন্দর হতো, আমরা পারিনি, আমরা ড্র করেছি।”

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পুরোটা সময় দারুণ খেলে অনেক সুযোগ তৈরি করেও কাঙ্ক্ষিত গোল করতে পারেনি রোনালদোরা। ৭৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করতে না পেরে অনেকের কাছেই খলনায়কে পরিণত হন তিনি।

‘এফ’ গ্রুপে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। টানা দ্বিতীয় ড্রয়ের পর ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।

দ্বিতীয় স্থানে থাকা আইসল্যান্ডের পয়েন্টও সমান ২। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হাঙ্গেরি।

আগামী বুধবার লিওঁতে হাঙ্গেরির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামবে পর্তুগাল।