জুয়েল, সানডের গোলে সেমিতে আবাহনী
বদলি নেমে জুয়েল রানা ফেরালেন সমতা; এরপর দলকে এগিয়ে নিলেন সানডে চিজোবা। প্রথমার্ধে পিছিয়ে পড়া আবাহনী ক্রীড়া চক্র ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে উঠে গেছে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে।
আগামী শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে প্রতিযোগিতাটির আট বারের চ্যাম্পিয়ন আবাহনী।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ম্যাচের শুরু থেকে বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণ শানায় আবাহনী। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। কিন্তু লি টাকের ফ্রি-কিকে নাবীব নেওয়াজ জীবনের হেড গোলরক্ষক উত্তম কুমার ফেরান।
দশম মিনিটে গোলের আরেকটি সুযোগ নষ্ট হয় ফেডারেশন কাপের আট বারের চ্যাম্পিয়নদের। বাঁ দিক থেকে ফয়সাল মাহমুদের ক্রস ডি-বক্সে পড়ার পর একে একে চেষ্টা করেন জীবন, সানডে ও লি টাক। কিন্তু কেউই সফল হননি।।
ষষ্ঠদশ মিনিটে ইমন বাবুর তৈরি করে বলকে গোলে রূপ দিতে পারেননি লি টাক। আট মিনিট পর প্রতিআক্রমণ থেকে মান্নাফ রাব্বীর শটও লক্ষ্যে থাকেনি।
অগাস্টিন ওয়ালসনের শট ঘেঁষে বাইরে চলে যাওয়ার পর ৩৫তম মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ব্রাদার্স। এনকোচা কিংসলের ব্যক হিলে অগাস্টিনের নেওয়া শট এবার ক্রসবারের ভেতরের কানায় লেগে ঠিকানা খুঁজে পায়।
ছয় মিনিট পর প্রতিআক্রমণ থেকে ব্যবধান দ্বিগুণের সুযোগ পায় ব্রাদার্স। কিংসলের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে অগাস্টিনের নেওয়া বাকানো শট কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।
আক্রমণ, পাল্টা আক্রমণে জমে ওঠে দ্বিতীয়ার্ধ। ফয়সাল মাহমুদের বদলি হিসেবে জুয়েল রানা নামলে আবাহনীর আক্রমণের গতি আরও বাড়ে।
৭০তম মিনিটে লি টাকের কর্নারে জীবনের মাথা ছুঁইয়ে ছয় গজ বক্সে বল পেয়ে যান জুয়েল; বাঁ পায়ের প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।
৮১তম মিনিটে লি টাকের ক্রসে সানডের নেওয়া হেড ব্রাদার্সের ডিফেন্ডার আব্বাস ইনিসাহ হেড করে ফেরানোর আগেই বল গোললাইন পেরিয়ে যায়।
যথারীতি এ ম্যাচের ঘটেছে অনাকাঙ্ক্ষিত কাণ্ড। সানডের গোলটি বাতিলের দাবিতে মাঠে ঢুকে পড়েন ব্রাদার্সের কর্মকর্তারা। পুলিশের উপস্থিতিতেই সহকারী রেফারিকে ধাক্কা দেওয়ার মতো কাণ্ড ঘটান ব্রাদার্সের কর্মকর্তা, খেলোয়াড়রা।
