২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্টের জয়ে সেমিতে শেখ রাসেল

প্রথমার্ধে দাপট দেখাল শেখ রাসেল ক্রীড়া চক্র; দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি। কিন্তু নির্ধারিত নব্বই মিনিটের খেলা হলো গোলশূন্য। এমন রঙ বদলানো ম্যাচে অতিরিক্ত সময়ের গোলের জয়ে ফেডারেশন কাপের সেমি-ফাইনালে উঠেছে শেখ রাসেল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2016, 06:41 PM

Updated : 11 Oct 2022, 08:23 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার প্রতিযোগিতাটির দ্বিতীয় কোয়ার্টার-ফাইনালে শেখ রাসেলের ১-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় পল এমিলের ১০২ মিনিটের গোলটি।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ নিজেদের মুঠোয় রাখলেও সাফল্য অধরা থেকে যায় শেখ রাসেলের। ২৬তম মিনিটে ইকাঙ্গার বাড়ানো বল অফসাইডের ফাঁদ ভেঙে ফিকরু জেইদার নেওয়া শট রুখে দেন রহমতগঞ্জের গোলরক্ষক।

দুই মিনিট পর রহমতগঞ্জ অধিনায়কের দৃঢ়তায় এগিয়ে যাওয়া হয়নি ২০১২-১৩ মৌসুমে ঘরোয়া ফুটবলের ট্রেবল জেতা শেখ রাসেলের। এবার মোনায়েম খান রাজুর ক্রস ডিফেন্ডার রফিকুর রহমান মামুনের পায়ে লেগে গোল হতে যাচ্ছিল; শেষ মুহূর্তে দলকে বিপদমুক্ত করেন শওকত রাসেল।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রেখে যোগ করা সময়েও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে মারুফুল হকের দল। কিন্তু ডি বক্সের বেশ বাইরে থেকে ফিকরুর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে শেখ রাসেলের ওপর ছড়ি ঘোরায় রহমতগঞ্জ। শুরুর দিকে জাহাঙ্গীর আলমের আচমকা শট ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যেতে পারত দলটি। ডি বক্সের ডান দিক থেকে এই ডিফেন্ডারের শট আটকে দেন গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। ৬১তম মিনিটে মিডফিল্ডার সোহেল মিয়ার শট ক্রস বারের ওপরের দিকে লেগে বেরিয়ে গেলে আবারও হতাশ হতে হয় দলটিকে।

শেখ রাসেলের রাজু, পল এমিল ও ইকাঙ্গা মিলে গোছানো আক্রমণ করেছিলেন; কিন্তু ইকাঙ্গা বলে শেষ ছোঁয়াটা দিতে পারেননি।

নির্ধারিত সময়ের শেষ দিকে শেখ রাসেলের রক্ষণ কাঁপিয়ে দেয় রহমতগঞ্জ। ৮৬তম মিনিটে বাঁ দিক দিয়ে ডি বক্সে ঢুকে দিদারুল আলমের শট লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর রাশেদ তুর্য্যর বাড়ানো বলে সিও জুনাপিওর ছোট বক্সের একটু বাইরে ‍থেকে নেওয়া শট দারুণ দক্ষতায় ফেরান লিটন। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

রাজুর বদলি হিসেবে নামা রুম্মন ৯২তম মিনিটে বল নিয়ে দ্রুত রহমতগঞ্জের ডি বক্সে ঢুকে পড়লেও সুযোগটি কাজে লাগাতে পারেননি।

দিদারুলের শট লিটন ফেরানোর পর ১০২তম মিনিটে প্রতিআক্রমণে যায় শেখ রাসেল। নিজেদের ডি বক্সের একটু ওপর থেকে জামাল ভূইয়ার লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে রহমতগঞ্জ গোলরক্ষক সামিউল ইসলাম মাসুমকে একা পেয়ে লক্ষ্যভেদের আনন্দে মাতেন পল এমিল।

গোলের পর অফসাইডের দাবি নিয়ে মাঠে ঢুকে পড়েন রহমতগঞ্জের কোচ কামাল বাবু; কর্মকর্তারাও তার পিছু নেন।

অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধের শুরুতে দশ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। আক্রমণে যাওয়া পলকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই ডিফেন্ডার। পরে আর ম্যাচে ফেরা গোলের দেখা পায়নি কামালের দল।