‘নির্বোধ’ নেইমারের সমালোচনায় রিভেলিনো
কোপা আমেরিকায় ব্রাজিলের পারফরম্যান্সের সমালোচনার পাল্টা জবাব দেওয়ার অধিকার নেইমারের নেই বলে মনে করেন রিভেলিনো। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের এই সদস্যের কাছে নেইমার ‘নির্বোধের মতো’ কাজ করেছেন।
যুক্তরাষ্ট্রের ফক্সবরোতে গত সোমবার পেরুর কাছে ১-০ গোলে হেরে কোপা আমেরিকার শতবর্ষী আসর থেকে বিদায় নেয় ব্রাজিল। গ্রুপ পর্ব থেকেই দলের বিদায়ে ছাটাই হন কোচ দুঙ্গা।
সেই হারের পর পর সমালোচকদের উদ্দেশে ছাপার অনুপোযোগী কিছু শব্দসহ কড়া ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে কিছু কথা লেখেন টুর্নামেন্ট চলার সময় বিশ্রামে থাকা নেইমার। তার সেই পোস্ট নিয়ে সমালোচনার ঝড় উঠে। পরে বিষয়টি নিয়ে বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড ক্ষমাও চান।
যুক্তরাষ্ট্রে ব্রাজিলের ভীষণ হতাশাজনক অভিযানের পর নেইমারের মনোভাবের সমালোচনা করেছেন ১৯৭০ বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য রিভেলিনো।
“চুপ করে থাকাই তার জন্য শ্রেয়। এটা এমন কিছু যা তার ক্যারিয়ারে দাগ ফেলবে, যা তার জন্য ভালো নয়। আমি মনে করি এই ঘটনায় সবচেয়ে বড় নির্বোধ সে।”
রিভেলিনো মনে করেন, কিছু বলার আগে কিছু করে দেখাতে হবে নেইমারকে।
“সে কিছুই জেতেনি। সে সমর্থকদের কোনো আনন্দ দিতে পারেনি। তাই তাকে কম কথা বলতে হবে।”
“ব্রাজিলের মানুষকে ট্রফি এনে দেওয়ার চেষ্টা করতে হবে। এরপরই কেবল আপনি কিছু অভিযোগ করা শুরু করতে পারেন।”
