এদেরের দুর্দান্ত গোলে শেষ ষোলোয় ইতালি
সুইডেনের বিপক্ষে অধিকাংশ সময় অগোছালো ফুটবল খেললেও শেষ দিকে জ্বলে উঠল ইতালি। এদেরের দুর্দান্ত গোলে টানা দ্বিতীয় জয়ে শেষ ষোলোতে উঠে গেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
১-০ গোলের এই হারে নকআউট পর্বে ওঠার পথে ধাক্কা খেল সুইডেন। জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকা থাকার পরও দলটির আক্রমণভাগ টানা দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠতে পারেনি। দুই ম্যাচে ১৮০ মিনিটের লড়াইয়ে একবারও প্রতিপক্ষের গোল লক্ষ্য করে শট নিতে পারেনি তারা। গ্রুপের শেষ ম্যাচে সুইডিশদের প্রতিপক্ষ ফিফা র্যাংকিং অনুযায়ী ইউরোপের সেরা দল বেলজিয়াম।
প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারানো ইতালির তুলুজে শুক্রবার বিকেলে ম্যাচের শুরুটা হয় সাধারণ মানের। প্রথমার্ধে বল দখলে তাদের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল সুইডেন।
দুই দলের আক্রমণেও তেমন কোনো ধার ছিল না। গোলরক্ষককে প্রথমার্ধে পরীক্ষায় পড়তে হয়নি।
অনেকটা মাঝমাঠ কেন্দ্রিক প্রথমার্ধের ফুটবলের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই জমে ওঠার ইঙ্গিত মেলে। কিন্তু গোলের ভালো কোনো সুযোগ তৈরি হয়নি।
৮২তম মিনিটে ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য সুযোগটি পায় ইতালি। এমানুয়েলে জাক্কেরিনির দারুণ ক্রসে লাৎসিওর মিডফিল্ডার মার্কো পারোলোর হেড গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারে লাগে।
দুই মিনিট পরেই ব্যবধান বাড়তে পারতো; তবে পিএসজির মিডফিল্ডার থিয়াগো মোত্তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক।
দুই জয়ে ৬ পয়েন্ট পাওয়া ইতালির গ্রুপ অব ডেথ হিসেবে বিবেচিত ‘ই’ গ্রুপের কমপক্ষে রানার্সআপ হওয়াটা নিশ্চিত হয়ে গেল।
ইউরোর ছয়টি গ্রুপের সেরা দুইটি করে দল এবং তৃতীয় স্থানের সেরা চারটি দল পরের রাউন্ডে উঠবে।
