ডেম্পসির নৈপুণ্যে শেষ চারে যুক্তরাষ্ট্র
ক্লিন্ট ডেম্পসির নৈপুণ্যে একুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠেছে যুক্তরাষ্ট্র। ২-১ গোলের এই জয়ে স্বাগতিক অধিনায়ক একটি গোল করা ছাড়াও অন্যটিতে অবদান রাখেন।
সিয়াটলে বেশ কয়েকটি আক্রমণ ব্যর্থ হওয়ার পর ২২তম মিনিটে জার্মেইন জোনসের ক্রসে দুর্দান্ত হেডে স্বাগতিকদের এগিয়ে দেন ডেম্পসি। টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র অধিনায়কের এটি তৃতীয় গোল।
পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন ডেম্পসি। অভিজ্ঞ এই ফরোয়ার্ডের জোড়ালো শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ডমিনগেস।
বিরতির আগে ডেম্পসির পাস থেকে আলেহান্দ্রো বেদোয়ার শট ঠেকিয়ে প্রথমার্ধে আর বিপদ হতে দেননি ডমিনগেস।
৬৫তম মিনিটে গায়াসি জার্ডেসের গোলে ব্যবধান বাড়ায় যুক্তরাষ্ট্র। বাঁ দিক থেকে ডেম্পসির নিচু ক্রস খুব কাছ থেকে কেবল জালে জড়িয়ে দিতে হয় এলএ গ্যালাক্সির এই ফরোয়ার্ডকে।
মরিয়া একুয়েডর একের পর এক আক্রমণ চালিয়ে ৭৪তম মিনিটে ব্যবধান কমায়। ডি-বক্সের ভেতর থেকে মাইকেল অরোয়োর নিচু শট ডান দিকে ঝাঁপিয়েও ঠেকাতে পারেননি ব্র্যাড গুজান। ৩০১ মিনিট জাল অক্ষত রাখার পর গোল খেলেন যুক্তরাষ্ট্রের এই গোলরক্ষক।
৭৬তম মিনিটে দলকে সমতার ফেরানোর সহজতম সুযোগটি হারান এনের ভালেন্সিয়া। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই ফরোয়ার্ডের হেড একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
পরের মিনিটে আবারও বিপজ্জনক জায়গা থেকে ভালেন্সিয়ার হেড লক্ষ্যভ্রষ্ট হয়।
ম্যাচের শেষ দিকে উত্তেজিত একুয়েডর কোচ গুস্তাভো কিনতেরসকে মাঠ থেকে বের করে দেন রেফারি।
যোগ করা সমযে জন ব্রুকসেকে আত্মঘাতী গোল করা থেকে বাঁচান গুজান। ম্যাচের শেষ পর্যন্ত একের পর এক আক্রমণ করেও আর সমতা ফেরাতে পারেনি একুয়েডর।
বড় কোনো টুর্নামেন্টের নক আউট পর্বে এটি যুক্তরাষ্ট্রের চতুর্থ জয়।
হিউস্টনে বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে প্রথম সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দল।
