জার্মানি ম্যাচের জন্য গোল জমিয়ে রেখেছেন লেভানদোভস্কি
জার্মানির বিপক্ষে ইউরোর লড়াইয়ের জন্য গোল জমিয়ে রেখেছেন পোল্যান্ডের অধিনায়ক রবের্ত লেভানদোভস্কি।
ফ্রান্সের সাঁ-দেনিতে জার্মানির বিপক্ষে ‘সি’গ্রুপে পোল্যান্ড তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায়।
জার্মানির বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে খেলা লেভানদোভস্কি এই ম্যাচে তার বেশ কয়েকজন ক্লাব সতীর্থের মুখোমুখি হবেন। পোল্যান্ডের মুখে হাসি ফোটাতে হলে তারকা এই ফরোয়ার্ডকে পরাস্ত করতে হবে বায়ার্নের ডিফেন্ডার জেরোম বোয়াটেং আর গোলরক্ষক মানুয়েল নয়ারকে।
বুন্দেসলিগার সদ্য শেষ হওয়া মৌসুমের সর্বোচ্চ গোলদাতা লেভানদোভস্কি জার্মানির পত্রিকা বিল্ডকে বলেন, "জার্মানির জন্য গোল জমিয়ে রেখেছি আমি!"
দুটি দলই জয় দিয়ে তাদের ইউরো অভিযান শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানের জয়ে গোল পাননি লেভানদোভস্কি। জার্মানি তাদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারায়।
লেভানদোভস্কি বলেন, "প্রথম ম্যাচে এটা কঠিন ছিল। তবে এখন গোল পাওয়াটা আরও ভালো হবে। তবে আমি যদি আবারও গোল না পাই আর অন্য কেউ জয়সূচক গোল করে তাহলেও আমার সমস্যা নেই।"
"এটা বিশেষ এক ম্যাচ হবে। আমরা একে অপরকে খুব ভালো করে জানি। বাছাইপর্বেও আমরা একে অপরের প্রতিপক্ষ ছিলাম।"
বাছাইপর্বের প্রথম লেগে জার্মানির বিপক্ষে নিজেদের মাঠে ২-০ গোলে জেতার পর ফিরতি পর্বে ৩-১ ব্যবধানে হেরেছিল পোল্যান্ড।
