ইতালিকে কখনই বাদ দেওয়া যাবে না: নয়ার
বড় কোনো টুর্নামেন্টে ফেভারিটদের তালিকা থেকে ইতালিকে কখনোই বাতিল করে দেওয়া যাবে না বলে মনে করেন জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার।
এবারের ইউরোতে ফেভারিটদের তালিকায় বেশিরভাগ মানুষই উপরের দিকে রাখছে স্বাগতিক ফ্রান্স, বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানিকে। কেউ কেউ অবশ্য এর পর ইতালি আর ইংল্যান্ডের কথাও বলছে।
ইতালির ক্রীড়া দৈনিক গাজ্জেত্তা দেল্লো স্পোর্তকে নয়ার বলেন, “আমি কখনোই আজ্জুরিদের (ইতালি) বাতিল করিনি, এমনকি (মার্চে) মিউনিখে তাদের বিপক্ষে আমাদের জয়ের পরও। আমি অনেক সমালোচনা শুনেছি, কিন্তু আমি জানি, তারা টুর্নামেন্টগুলোয় ভালো পারফর্ম করা একটি দল।”
ফিফা র্যাংকিংয়ের হিসেবে এবারের ইউরোর সেরা দল বেলজিয়ামকে গত সোমবার রাতে ২-০ গোলে হারিয়ে ইতালি তাদের অভিযান শুরু করে।
ইতালি দল সম্পর্কে বলতে গিয়ে নয়ার এই ম্যাচকে উদাহরণ হিসেবে টেনে আনেন।
“আপনারা দেখবেন ট্যাকটিক্যালি তারা কতটা আঁটসাঁট, কিভাবে তারা রক্ষণ করে এবং ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর কিভাবে তারা সামনে চাপ দিয়ে যাচ্ছিল।”
ইতালির গোলরক্ষক ও অধিনায়ক জানলুইজি বুফ্ফনকেও প্রশংসায় ভাসান নয়ার।
“সে এখনও সেরা। তার উপস্থিতি এবং সে যেভাবে দলকে উৎসাহ জোগায়, আপনি দেখবেন সবাই তার কথা শোনে।”
তুলুজে আগামী শুক্রবার সুইডেনের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইতালি।
ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে ইউরো শুরু করা জার্মানি আগামী বৃহস্পতিবার সাঁ-দেনিতে তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে পোল্যান্ডের বিপক্ষে।
