২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালকে হারিয়ে গ্রুপ সেরা ব্রাদার্স

শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের ‘সি’ গ্রুপের সেরা হয়েছে ব্রাদার্স।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 10:10 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

দুই দলেরই সেরা আটে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের সেরা ব্রাদার্স আগামী রোববার ‘এ’ গ্রুপের রানার্সআপ আবাহনী লিমিটেডের সঙ্গে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে। সেরা চারে ওঠার ম্যাচে আগামী শুক্রবার তুলনামূলক সহজ প্রতিপক্ষ আরামবাগের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৭১তম মিনিটে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করে শেখ জামালকে এগিয়ে নেন ইয়াসিন খান।

৮২তম মিনিটে অগাস্টিন ওয়ালসন ব্রাদার্সকে সমতায় ফেরান। ডি-বক্সের বেশ বাইরে থেকে হাইতির এই মিডফিল্ডারের নেওয়া গতিময় ফ্রি-কিক গোলরক্ষক মাকসুদুর রহমানের হাতে লেগে ঠিকানা খুঁজে পায়।

দুই মিনিট পর ওয়ালসনের গোলেই এগিয়ে যায় ব্রাদার্স। বাপ্পি হাসান মুরাদের ক্রসে এলিটা কিংসলের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান মাকসুদুর; ফিরতি বলে দারুণ শটে স্কোরলাইন ২-১ করেন ওয়ালসন। শেষ পর্যন্ত এ স্কোরলাইনে ফেডারেশন কাপে একমাত্র দল হিসেবে ৬ পয়েন্ট নিয়ে সেরা আট নিশ্চিত করে ব্রাদার্স। বুধবারের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়ে ফেডারেশন কাপের সেরা আটে ওঠে শেখ রাসেল ক্রীড়া চক্র। গ্রুপের রানার্সআপ হয়ে কোয়ার্টার-ফাইনালে ঠাঁই পেয়েছে মুক্তিযোদ্ধা।  অন্যদিকে শেখ রাসেলের সঙ্গে ড্র করে টুর্নামেন্ট শুরু করা চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধার কাছে হেরে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে।