২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের কোচ হতে তিতেকে প্রস্তাব

ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব দেওয়ার জন্য করিন্থিয়ান্সের কোচ আদেনর লিওনার্দোর সঙ্গে কথা বলেছে দেশটির ফুটবল ফেডারেশন। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 09:54 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

তিতে নামে পরিচিত এই কোচের সঙ্গে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) শিগগিরই আবার আলোচনা করবে।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন গত মঙ্গলবার জাতীয় দলের সমন্বয়কারী জিলমার রিনালদি ও কোচ দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করে।

১৯৮৭ সালের পর এবারই প্রথম লাতিন আমেরিকার সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। 

দুঙ্গার উত্তরসূরি হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা তিতে সিবিএফ কর্তাদের সঙ্গে কথা বলতে মঙ্গলবার রাতেই সাও পাওলো থেকে রিও দে জেনেইরোতে যান।

তিতের সঙ্গে তিন ঘণ্টার আলোচনা শেষে মঙ্গলবার মধ্যরাতের দিকে সিবিএফের মুখমাত্র দগলাস লুনারদি সাংবাদিকদের বলেন, “প্রথম আলোচনা ভালো ছিল; কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। দুই পক্ষই শিগগিরই আবার আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে।”

সাও পাওলোর সবচেয়ে বড় ক্লাব করিন্থিয়ান্সকে ২০১১ ও ২০১৫ সালে ব্রাজিলের শীর্ষ লিগ জিতিয়েছেন তিতে। ২০১২ সালে প্রথমবারের মতো জিতিয়েছেন কোপা লিবের্তাদোরেস ও ওয়ার্ল্ড ক্লাব কাপ।

আগামী অগাস্টে রিও দে জেনেইরো অলিম্পিকেও নেইমারদের ডাগআউটে থাকতে পারেন ৫৫ বছর বয়সী এই কোচ।