ওয়েলস দলে জায়গা পেত না ইংল্যান্ডের কেউ: বেল
ইংল্যান্ডের বিপক্ষে ইউরোর লড়াইয়ে নামার আগে কথার তির ছুড়েছেন গ্যারেথ বেল। প্রতিপক্ষ দলে ওয়েলসের শুরুর একাদশে জায়গা পাওয়ার মতো কোনো খেলোয়াড় নেই বলে মনে করেন দেশটির তারকা এই ফরোয়ার্ড।
ফ্রান্সের লঁসে আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে প্রথমবারের মতো ইউরো খেলতে আসা ওয়েলস।
ইংল্যান্ডের চেয়ে ওয়েলস দলের আবেগ আর গর্ব বেশি দাবি করে এর আগে খবরের শিরোনাম হয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা বেল।
ইংল্যান্ডের কোচ রয় হজসন এটাকে ‘অসম্মানজনক’ বলেছিলেন। আর মিডফিল্ডার জ্যাক উইলশায়ার দাবি করেছিলেন, ওয়েলসের চেয়ে ইংল্যান্ডের দলটি ভালো।
ওয়েলস দলে জায়গা পাওয়ার মতো ইংল্যান্ডে কতজন ভালো খেলোয়াড় আছেন? এই প্রশ্নে বেলের উত্তর, “কেউ না”।
বেল বলেন, “সংবাদ সম্মেলনে কেউ একজন বলেছে, আমি ইংল্যান্ডকে অসম্মান করেছি-আসলে এটা তা ছিল না। তাদের নিজস্ব মতামত দেওয়ার অধিকার আছে। তারা কি বলে সত্যি আমি তাতে পাত্তা দেই না।”
বেল তার আগে বলা কথার ব্যাখ্যাও দেন।
“আমি এটা বলছি না যে ইংল্যান্ডের আবেগ নেই-আমি নিশ্চিত তাদের আবেগ আছে। আমি মনে করি, রাগবি, ফুটবল যে কোনো খেলায় আমরা পরের পর্যায়ে আছি। আপনারা সত্যি এটা মাঠে অনুভব করবেন।”
“তারা যদি মনে করে, তাদের ভালো দল আছে, তাদের জন্য এটা ভালো। আমরা জানি, আমাদের ভালো একটি দল আছে এবং আমরা এও জানি, নিজেদের দিনে তাদের হারাতে পারি।”
