২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে প্রথম হারের স্বাদ দিল মেরিনার ইয়াংস

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম হারের স্বাদ দিয়েছে মেরিনার ইয়াংস। শুরুতে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জিতেছে গেরহার্ড পিটারের দল। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2016, 07:43 PM

Updated : 12 Apr 2022, 02:16 AM

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার সপ্তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যায় মোহামেডান। ওমর ভুট্টোর পুশ ইমরান হাসান পিন্টুর স্টপের পর বল পান ইমরান কিন্তু পাকিস্তানের এই খেলোয়াড় নিজে শট না নিয়ে বল বাড়ান তাসওয়ার আব্বাসকে। নিখুঁত শটে মোহামেডানকে এগিয়ে নেন আব্বাস।

দ্বাদশ মিনিটে অধিনায়ক মামুনুর রহমান চয়নের শট পোস্টে প্রতিহত হলে সমতায় ফেরার অপেক্ষা বাড়ে মেরিনার ইয়াংসের। দুই মিনিট পর স্বস্তি ফেরান ওয়াকাস শরিফ। শুরুতে ওয়াকাসের গোলটি ঘোষণা করেননি ওমানের আম্পায়ার; পরে ভিডিও রেফারেল দেখে গোলের সিদ্ধান্ত দেন তিনি।

যথারীতি এ ম্যাচেও মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি বিতর্কের জন্ম দিয়েছেন আম্পায়ারের সাথে তর্কে জড়িয়ে। এক পর্যায়ে আম্পায়ার জিমিকে সবুজ কার্ড দেখালে খেলা বন্ধ থাকে ১২ মিনিট।

৪৯তম মিনিটে প্রতিআক্রমণ থেকে এগিয়ে যায় মেরিনার। আক্রমণে যাওয়া মঈনুল ইসলাম কৌশিকের বাড়ানো বল থেকে ঠাণ্ডা মাথায় লক্ষ্যভেদ করেন ওয়াকাস। শেষ মিনিটে ওয়াকাসের পুশ মোহামেডান গোলরক্ষক আটকালেও আরশাদ হোসেনের ফিরতি শট ঠিকানা খুঁজে পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে মেরিনার ইয়াংস।

১০ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মেরিনার ইয়াংস। সাত জয় ‍ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ মোহামেডান। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা, ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আবাহনী লিমিটেড।

বুধবারের অপর ম্যাচে বাংলাদেশ রেলওয়েকে ১৩-১ গোলে ডুবিয়েছে ওয়ারী ক্লাব। লিগে টানা ১০ ম্যাচ হারল রেলওয়ে। ১০ ম্যাচে তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট ওয়ারীর।