বলিভিয়াকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আগের ম্যাচে শেষ আধ ঘণ্টা মাঠে থেকেই করেছিলেন হ্যাটট্রিক; লিওনেল মেসি এবার খেললেন পুরো দ্বিতীয়ার্ধ। অধিনায়ককে আটকাতে পারলেও দুর্দম্য আর্জেন্টিনাকে রুখতে পারেনি বলিভিয়া। প্রথমার্ধের তিন গোলে সহজ জয় পেয়েছে এবারের কোপা আমেরিকার ফেভারিটরা।
৩-০ গোলের এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো আগেই শেষ আট নিশ্চিত করা আর্জেন্টিনা। ফক্সবরোতে বাংলাদেশ সময় রোববার ভোর পাঁচটায় তৃতীয় কোয়ার্টার-ফাইনালে কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ‘সি’ গ্রুপের রানার্সআপ ভেনেজুয়েলা।
কোচ জেরার্দো মার্তিনোর ঘোষণা মতো বাংলাদেশ সময় বুধবার সকালে শুরু হওয়া এই ম্যাচের একাদশে ছিলেন না মেসি। নিয়মিত খেলোয়াড়দের বিশ্রামের সুযোগ করে দিতে একাদশে ছয়টি পরিবর্তনও এসেছিল। তবে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার। অপেক্ষা ছিল কেবল গোলের দেখা পাওয়ার।
দুই মিনিট পরই আবার গোল! ডান দিক থেকে ফাকুন্দো রনকাগলিয়ার দারুণ ক্রসে গনসালো হিগুয়াইনের হেড কোনোমতে ঠেকিয়েছিলেন গোলরক্ষক। এসেকিয়েল লাভেস্সি ফিরতি বল পেয়ে জোড়ালো ভলিতে জালে পাঠিয়ে দেন।
৩২তম মিনিটে লাভেস্সিই গোলের যোগানদাতা। ডি-বক্সের ভেতর ডান দিক থেকে এই ফরোয়ার্ডের নিচু ক্রসে পা বাড়িয়ে জালে পাঠিয়ে দেন ভিক্তর কুয়েস্তা। দেশের হয়ে এই ডিফেন্ডারের এটাই প্রথম গোল।
৫৪তম মিনিটে লুকাস বিগলিয়ার জোরালো শট ঠেকিয়ে বিপদ হতে দেননি গোলরক্ষক লামপে। ছয় মিনিট পর সুবিধাজনক জায়গা থেকে ফ্রি-কিক নিয়েছিলেন মেসি। তার বাঁকানো শটটি বাঁ পোস্টের একটু বাইরে দিয়ে যায়।
৮১তম মিনিটে মেসিকে দেখা যায় ভিন্ন রূপে। প্রতিপক্ষের ১০ নম্বর জার্সিধারী কাম্পোসের ফাউলের শিকার হয়ে একটু ক্ষেপেই গিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। কাম্পোসের সঙ্গে মাথা ঠোকাঠুকিও হয় তার। তবে খেলোয়াড়দের হস্তক্ষেপে ঘটনা বেশি দূর গড়ায়নি।ওই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকে মেসির শট ক্রসবারের একটু উপর দিয়ে যায়।
কোপা আমেরিকার এবারের আসরে গ্রুপ পর্বে কেবল আর্জেন্টিনাই পেয়েছে পূর্ণ ৯ পয়েন্ট।
ফিলাডেলফিয়ায় ‘ডি’ গ্রুপের আগের ম্যাচে এদুয়ার্দো ভারগাস ও আলেক্সিস সানচেসের জোড়া গোলে পানামাকে ৪-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে চিলি। স্যান্টা ক্ল্যারায় আগামী রোববার বাংলাদেশ সময়ে সকাল আটটায় বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো।
‘ডি’ গ্রুপের পয়েন্ট তালিকা:
দল | ম্যাচ | জয় | ড্র | হার | গোল পার্থক্য | পয়েন্ট |
আর্জেন্টিনা | ৩ | ৩ | ০ | ০ | ৯ | ৯ |
চিলি | ৩ | ২ | ০ | ১ | ২ | ৬ |
পানামা | ৩ | ১ | ০ | ২ | -৬ | ৩ |
বলিভিয়া | ৩ | ০ | ০ | ৩ | -৫ | ০ |
