২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানকে বিদায় করে শেষ আটে বিজেএমসি

মেহেদী হাসান তপুর জোড়া গোলে মোহামেডানকে হারিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বিজেএমসি। ২-১ গোলের এই হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো প্রতিযোগিতাটির সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়নদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 09:52 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছিল রহমতগঞ্জের সঙ্গে। ওই দুই পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ আটে উঠেছে দলটি।

মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণে শুরু থেকে জমে ওঠে ম্যাচ। চতুর্থ মিনিটে মাশুক মিয়া জনি বল নিয়ে বক্সে ঢুকে শট নিতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়া হয়নি মোহামেডানের। ফিরতি আক্রমণে বিজেএমসির সৈকত মাহমুদের শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়।

২১তম মিনিটে বিজেএমসির ত্রাতা গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল। ডি-বক্সের বেশ বাইরে থেকে নেওয়া ইয়াইয়ার বাঁকানো ফ্রি-কিক রক্ষণ দেয়াল পেরিয়ে লক্ষ্যেই ছিল; পাঞ্চ করে তা ফেরান হিমেল।

৩০তম মিনিটে বক্সের জটলার মধ্যে তপুর শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়। তিন মিনিট পর এই ফরোয়ার্ডের হাত ধরেই এগিয়ে যায় বিজেএমসি। তারা খানের ফ্রি-কিকে পা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন তপু।

সমতায় ফিরতে মরিয়া মোহামেডানের প্রথমার্ধের শেষ দিকে দুটো সুযোগ নষ্ট হয়। ৩৮তম মিনিটে আমিনুর রহমান সজীবের বাড়ানো বল বক্সের মধ্যে ফাঁকায় পেয়েও বাইরে মারেন জনি। ৪৫তম মিনিটে ইসমাইল বাঙ্গুরার পাস থেকে সজীবের নেওয়া শট ফিরিয়ে দেয় দূরের পোস্ট।

৫৫তম মিনিটে বিজেএমসির জাকির হোসেন জিকুর ক্রসে স্যামসন ইলিয়াসুর গতিময় শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।

৬৭তম মিনিটে অবিশ্বাস্য এক গোলে সমতায় ফেরে মোহামেডান। মাঝ মাঠের একটু ‍ওপর থেকে ডিফেন্ডার আহসানুল হক মিলনের হঠাৎ নেওয়া শট আগুয়ান গোলরক্ষককে বোকা বানিয়ে ঠিকানা খুঁজে পায়। পরের মিনিটে ইলিয়াসুর শট আটকে মোহামেডানকে ম্যাচে রাখেন গোলরক্ষক মোহাম্মদ নেহাল।

৮৩তম মিনিটে মোহামেডানের বিদায় নিশ্চিত করে দেয় তপুর গোল। আব্দুল্লাহ পারভেজের কর্নারে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

মঙ্গলবারের প্রথম ম্যাচে লি টাকের গোলে ফেনী সকারকে ১-০ ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছ আবাহনী লিমিটেড। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে শেষ আটে উঠেছে আরামবাগ।