সতীর্থদের নিয়ে গর্বিত সুয়ারেস
উরুগুয়ে কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়লেও সতীর্থদের নিয়ে খুব গর্বিত দেশটির তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেস।
যুক্তরাষ্ট্রের স্যান্টা ক্ল্যারায় বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জ্যামাইকাকে ৩-০ ব্যবধানে হারায় উরুগুয়ে। তবে প্রথম দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের।
সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ফাইনাল খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বার্সেলোনার ফরোয়ার্ড সুয়ারেস। উরুগুয়ে দলে থাকলেও কোপা আমেরিকায় মাঠেই নামতে পারেননি তিনি।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সুয়ারেস সতীর্থদের প্রশংসা করেন।
“ফুটবলে কখনও কখনও আপনি জিতবেন এবং কখনও কখনও আপনি হারবেন। আমাদের জন্য এটা ভালো টুর্নামেন্ট ছিল না…একটি জয় দিয়ে কাপকে বিদায় বলেছি আমরা, যেটা (বিশ্বকাপের) বাছাইপর্বে আমাদের শক্তি যোগাবে।”
“আমি আমার সতীর্থ, কোচিং স্টাফ …সবাইকে নিয়ে খুব গর্বিত।”
