সোনালী ব্যাংককে হারিয়ে শীর্ষে ঊষা
সোনালী ব্যাংক এসআরসিকে ৫-২ গোলে হারিয়ে প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শীর্ষে উঠেছে ঊষা ক্রীড়া চক্র। মঙ্গলবার ঢাকা ওয়ান্ডারার্স ও বাংলাদেশ এসসির মধ্যে অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে পেনাল্টি কর্নার থেকে আলিম বেলালের দুই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ঊষা। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে হাসান যুবায়ের নিলয় স্কোরলাইন ৩-০ করেন।
৫৭তম মিনিটে রাব্বী সালেহীন রকির গোলে ম্যাচে ফেরার একটু ইঙ্গিত দিয়েছিল সোনালী ব্যাংক। কিন্তু ৬২তম মিনিটে বেলাল ও ৬৪তম মিনিটে পুস্কর ক্ষীসা মিমো লক্ষ্যভেদ করলে জয় অনেকটাই নিশ্চিত করে নেয় ঊষা। শেষ দিকে ইশান উল্লাহ খানের গোল সোনালী ব্যাংকের হারের ব্যবধান কমায়।
১০ ম্যাচে নয় জয় ও এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল উষা। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আবাহনী লিমিটেড।
মঙ্গলবারের অপর ম্যাচে দুই বার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ এসসি। সেরাজ আলির গোলে এগিয়ে যায় বাংলাদেশ এসসি। ওয়ান্ডারার্সকে সমতায় ফেরান সজীব হোসেন। ৬৬তম মিনিটে বেলালের গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ এসসি। কিন্তু সারোয়ার মোর্শেদ স্কোরলাইন ২-২ করে দেন যোগ করা সময়ে।
১০ ম্যাচে ওয়ান্ডারার্সের ১৫ পয়েন্ট; বাংলাদেশ এসসির ১৪।
