২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্নের রিও অলিম্পিকে বোল্টকে দেখার অপেক্ষায় নেইমার

ঘরের মাটিতে রিও অলিম্পিকে দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা নেইমারের কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। আর এই স্বপ্নের মঞ্চে স্প্রিন্টের রাজা উসাইন বোল্টের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনায় রোমাঞ্চিত ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 06:49 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

যুক্তরাষ্ট্রে এবারের কোপা আমেরিকায় দেশের হয়ে খেলেননি নেইমার। দলের সেরা খেলোয়াড় ছাড়া ব্রাজিলও বেশি দূর এগোতে পারেনি, গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে।

ক্যারিয়ারে এবার দ্বিতীয় অলিম্পিকে খেলবেন নেইমার। ২০১২ সালের লন্ডন অলিম্পিকেও খেলেছিলেন বার্সেলোনা ফরোয়ার্ড। ফাইনালে মেক্সিকোর কাছে হেরে যায় ব্রাজিল।

বিশ্বকাপে রেকর্ড পাঁচবার ও কোপা আমেরিকায় আটবার চ্যাম্পিয়ন হলেও অলিম্পিকে কখনোই সোনা জিততে পারেনি ব্রাজিল।

“মনে মনে আমি আমার দেশে অলিম্পিকে খেলার ছবি এঁকেছি, আমার জন্য এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার।”

“ব্রাজিলে আমি কনফেডারেশন্স কাপ ও বিশ্বকাপ খেলেছি, আর অলিম্পিক গেমস এটাকে পরিপূর্ণ করবে,” যোগ করেন নেইমার।

স্বাগতিক হিসেবে পুরো অলিম্পিক অভিজ্ঞতার অংশ হতে পারার সুযোগ পেয়ে রোমাঞ্চিত নেইমার। যেমন বিশ্বের দ্রুততম মানব বোল্টের সঙ্গে দেখা করতে পারাটা তারকা এই ফরোয়ার্ডের কাছে বিশেষ এক পাওয়া।

“উসাইন বোল্টের দৌড় দেখার জন্যে সত্যিই আমার তর সইছে না। আমি তার এক বড় ভক্ত।”

বোল্টের দৌড় দেখা বা তার সঙ্গে দেখা করাই শুধু নয়, ভলিবল ও বাস্কেটবলেও ব্রাজিলের পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছেন নেইমার। অলিম্পিক ভিলেজে অন্য সব অ্যাথলেটদের সঙ্গে থাকতে পারাটাই বড় এক পাওয়া বলে আগেই জানিয়েছিলেন তিনি।