ফেডারেশন কাপের সেরা আটে আবাহনী
লি টাকের ৪৫ সেকেন্ডের গোল শেষ পর্যন্ত হাসি ফোটালো আবাহনীর মুখে। আরামবাগের কাছে প্রথম ম্যাচে হেরে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ার যে শঙ্কা উঁকি দিয়েছিল, সেটাও দূর হয়ে গেল। ফেনী সকারকে একমাত্র গোলে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠেছে জর্জ কোটানের দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার কিক অফের পর সানডে চিজোবার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে দ্রুত আক্রমণে ওঠেন লি। ফেনীর ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই বাঁ পায়ের কোনাকুনি শটে সুজন চৌধূরীকে পরাস্ত করেন ইংল্যান্ডের এই ফরোয়ার্ড। তখন ঘড়ির কাটা মিনিটও পার হয়নি।
১-০ গোলে আরামবাগের কাছে হেরে ফেডারেশন কাপ শুরু করা আবাহনীর সেরা আটে উঠতে হলে এ ম্যাচে জিততেই হতো। শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়াতে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে দলটি।
অষ্টাদশ মিনিটে লির পাস থেকে জীবনের বাড়ানো বল বাইরে মারেন নাইজেরিয়ার ফরোয়ার্ড সানডে।
৩০তম মিনিটে মামুন মিয়ার বল ধরে আক্রমণে যাওয়া সানডে ডি-বক্সের একটু বাইরে ফাউলের শিকার হন। ওয়ালী ফয়সালের ফ্রি-কিকে জীবন মাথা ছোঁয়াতে পারেননি। তিন মিনিট পর লি টাকের কর্নারে তপু বর্মনের হেড জমে যায় গোলরক্ষকের গ্লাভসে।
