জার্মানিকে ভয় পেতে না করলেন লেভানদোভস্কি
এবারের ইউরো জয়ে ‘ফেভারিট’ জার্মানির বিপক্ষে সতীর্থদের ভয়হীনভাবে খেলার পরামর্শ দিয়েছেন পোল্যান্ডের তারকা ফরোয়ার্ড রবের্ত লেভানদোভস্কি।
ফ্রান্সের সাঁ-দেনিতে ‘সি’ গ্রুপের জার্মানি-পোল্যান্ড ম্যাচটি হবে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার।
গত রোববার নর্দান আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ইউরোতে নিজেদের ইতিহাসে প্রথম জয় পায় পোল্যান্ড।
বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড লেভানদোভস্কি বলেন, “জার্মানির বিপক্ষে বিশেষ এক ম্যাচ হবে। আমরা একে অপরকে খুব ভালো করে জানি। বাছাইপর্বে আমরা দুবার মুখোমুখি হয়েছি এবং আমার কাছে ফেভারিট জার্মানিই, শুধু বৃহস্পতিবারই নয়, টুর্নামেন্ট জেতার ক্ষেত্রেও।”
“আমরা জানি, জার্মানি কতটা শক্তিশালী। কিন্তু আমরা লড়াই করব। এই ধরনের একটি টুর্নামেন্টে যে কোনো কিছুই সম্ভব।”
জার্মানির বিপক্ষে নিজেদের করণীয় সম্পর্কে বুন্দেসলিগার সদ্য শেষ হওয়া মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বলেন, “আমাদের শান্ত থাকতে হবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে হবে। আমাদের ভয়হীনভাবে খেলতে হবে এবং কোনো চাপ নেই। আমরা জানি এটা কঠিন হবে, কিন্তু এটা কেবল ফুটবল এবং আমাদের উপভোগ করতে হবে। ম্যাচটি এভাবে খেলতে পারলে আমরা জিততে পারি।”
