২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামালকে নিয়ে শেষ আটে ব্রাদার্স

উত্তর বারিধারাকে একমাত্র গোলে হারিয়ে ফেডারেশন কাপে শুভসূচনা করেছে ব্রাদার্স ইউনিয়ন। এই জয়ে সেরা আটের টিকেটও পেয়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 09:53 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

ব্রাদার্সের জয়ে ‘সি’ গ্রুপ থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে প্রতিযোগিতাটির শিরোপাধারী শেখ জামাল ধানমণ্ডি ক্লাবও। টানা দুই হারে ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল উত্তর বারিধারা।
 
শেখ জামাল ও ব্রাদার্স আগামী বুধবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নামবে। ল্যান্ডিং ডারবোর হ্যাটট্রিকে উত্তর বারিধারাকে ৬-২ ব্যবধানে উড়িয়ে ফেডারেশন কাপ শুরু করেছিল শেখ জামাল।
 
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার ৩১তম মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স। বক্সের মধ্যে রাজিব হাসান এনকোচা কিংসলেকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। গোলরক্ষক মোহাম্মদ রাজীবকে পরাস্ত করতে কোনো ভুল হয়নি নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের।
 
দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ বাইরে মেরে নষ্ট করেন কিংসলে। তার পরও পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বালগোপাল মহারাজনের দল।
 
সোমবারের প্রথম ম্যাচে মোহাম্মদ রবিনের একমাত্র গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠে ২০০৩-০৪ মৌসুমের চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।