বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ
টানা দুই ম্যাচ জিতে কোপা আমেরিকার শতবর্ষী আসরের শেষ আট নিশ্চিত করে ফেলা আর্জেন্টিনা এবার মুখোমুখি হবে এরই মধ্যে বিদায় নেওয়া বলিভিয়ার। ম্যাচটিকে বেঞ্চের শক্তি পরীক্ষা করে নেওয়ার উপলক্ষ হিসেবে দেখছে জেরার্দো মার্তিনোর দল।
যুক্তরাষ্ট্রের সিয়াটলে আর্জেন্টিনা গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ সময় আগামী বুধবার সকাল ৮টায়।
বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়ে এবারের কোপা আমেরিকার অভিযান শুরু করে আর্জেন্টিনা। পিঠের চোটের কারণে সেই ম্যাচে খেলতে পারেননি দেশটির অধিনায়ক লিওনেল মেসি।
মেসি প্রথমবারের মতো মাঠে নামেন পানামার বিপক্ষে ম্যাচের ৬০তম মিনিটে। ১৯ মিনিটে দারুণ এক হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৫-০ গোলে জেতান তিনি।
মার্কোস রোহো মনে করেন, তাদের বেঞ্চের শক্তিও কম নয়। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারের বিশ্বাস, মার্তিনো যত জনকেই বিশ্রাম দেন না কেন বলিভিয়ার বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়বে আর্জেন্টিনা।
“গত কয়েক বছর ধরে দলে যা-ই ঘটছে সব কিছুই ভালো- আগে (সাবেক কোচ আলেহান্দ্রো) সাবেইয়ার সময় এবং এখন মার্তিনোর সঙ্গে। এটা বড় একটা স্কোয়াড থাকার জন্যই।”
বলিভিয়ার বিপক্ষে রোহোরও খেলা নাও হতে পারে। চিলির বিপক্ষে জয়ের দিন হলুদ কার্ড দেখেছিলেন তিনি। গ্রুপ পর্বে আরেকটি হলুদ কার্ড দেখলে দলের হয়ে শেষ আটের ম্যাচটি খেলতে পারবেন না ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।
আর্জেন্টিনা অনায়াসে কোয়ার্টার-ফাইনালে উঠে গেলেও মেসি তার সতীর্থদের শান্ত থাকারই পরামর্শ দেন।
আর্জেন্টিনা কোচের অবশ্য এসব নিয়ে ভাবার কথা নয়। পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলে। চিলি ও পানামার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়া বলিভিয়ার বিপক্ষে এর আগে খেলা ৩৬ ম্যাচের ২৫টিতেই জয় পেয়েছে তারা, হেরেছে কেবল ৬ ম্যাচে।
