২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবিনের হাত ধরে সেরা আটে মুক্তিযোদ্ধা

৮১তম  মিনিটে বদলি হিসেবে নামলেন। পরের মিনিটেই করলেন দারুণ এক গোল। মোহাম্মদ রবিনের এই গোলে ‘বি’ গ্রুপ থেকে সবার আগে ফেডারেশন কাপের সেরা আটে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 06:49 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারায় মুক্তিযোদ্ধা। এ জয়ে ৩ পয়েন্ট নিয়ে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হলো প্রতিযোগিতাটির ২০০৩-০৪ মৌসুমের চ্যাম্পিয়নদের।

এই হারে আগের ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ১-১ ড্র করে আসা চট্টগ্রাম আবাহনীর সেরা আটে ওঠা শঙ্কার মুখে পড়ে গেলো। এ মুহূর্তে চট্টগ্রাম আবাহনী ও শেখ  রাসেলের পয়েন্ট ১ করে। আগামী ‍বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে ড্র করতে পারলেই মামুনুলদের পেছনে ফেলে কোয়ার্টার-ফাইনালে উঠবে শেখ রাসেল।

মামুনুল-নাসিরউদ্দিনদের ছাড়াই স্বাধীনতা কাপে চট্টগ্রাম আবাহনী দাপুটে ফুটবল খেলেছিল। কিন্তু মামুনুলরা ফেরার পরও ফেডারেশন কাপে বন্দরনগরীর দলটির খেলায় চেনা সেই ধার নেই। প্রথমার্ধে বলার মতো একমাত্র আক্রমণটিও শানায় মুক্তিযোদ্ধা। তবে একাদশ মিনিটে আহমেদ কোলো মুসার হেড আটকে চট্টগ্রাম আবাহনীর ত্রাতা আশরাফুল ইসলাম রানা।

দ্বিতীয়ার্ধে কিছুটা গোছালো ফুটবল খেলতে থাকে চট্টগ্রাম আবাহনী। কিন্তু ৫৩তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ একটি সুযোগ নষ্ট করেন নাসিরউদ্দিন। ডান দিক থেকে সোহেল রানার বাড়ানো ক্রসে ছোট বক্সের মধ্যে পা ছোঁয়াতে ব্যর্থ হন এই ডিফেন্ডার।

পাঁচ মিনিট পর মামুনুলের বাড়ানো বলে ডান দিক থেকে নেওয়া রুবেল মিয়ার শট কর্নারের বিনিময়ে ফেরান মুক্তিযোদ্ধা গোলরক্ষক মামুন খান। ৬১তম মিনিটে সাইদুল হকের ফ্রি কিকে তৌহিদুল আলমের ভলি লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় মুক্তিযোদ্ধাকে।

৭৫তম মিনিটে মুক্তিযোদ্ধার মুসার শট প্রতিপক্ষের এক ফুটবলারের গায়ে লেগে বাইরে চলে যায়। দুই মিনিট পর চট্টগ্রাম আবাহনীর তারিক আল জানাবির ক্রসে লিওনেল প্রিয়াক্সের হেড কর্নারের বিনিময়ে ফেরান গোলরক্ষক।

গোলের আশায় ৮১তম মিনিটে ডিফেন্ডার পিন্টু কুমার দাসকে তুলে নিয়ে ফরোয়ার্ড রবিনকে নামান মুক্তিযোদ্ধা কোচ আব্দুল কাইয়ুম সেন্টু। পরের মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বলে লক্ষ্যভেদের আনন্দে মাতেন রবিন। অবশ্য শেষ মুহূর্তে ডিফেন্ডার রেজাউল করিম রেজা শটটি ফেরালেও বল গোল লাইন পেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ পায় আবাহনী। প্রিয়াক্স বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি কিন্তু পোস্টের বাইরে শট নিয়ে তা নষ্ট করেন তারিক আল জানাবি।