চাকরি নিয়ে ভাবছেন না দুঙ্গা
কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্ব থেকে ব্রাজিল ছিটকে পড়ায় দুঙ্গা চাকরি হারাতে পারেন বলে ধারণা করছেন অনেকে। তবে এটা নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন ব্রাজিল কোচ।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পেরুর সঙ্গে ড্র করলেই কোয়ার্টার-ফাইনালে উঠত ব্রাজিল। কিন্তু ফক্সবরোয় বাংলাদেশ সময় সোমবার সকালে রাউল রুইদিয়াসের বিতর্কিত এক গোলে পেরুর কাছে ১-০ ব্যবধানে হেরে ‘বি’ গ্রুপে তৃতীয় হয়েছে ব্রাজিল। এই গ্রুপ থেকে শেষ আটে উঠেছে পেরু ও একুয়েডর।
ম্যাচ শেষে সাংবাদিকরা দুঙ্গাকে প্রশ্ন করেন, চাকরি হারানোর ভয় পাচ্ছেন কিনা তিনি।
দুঙ্গা বলেন, “আমি একমাত্র মৃত্যুকে ভয় পাই। আমি এতে (চাকরি হারানো নিয়ে) ভীত নই।”
“আমরা কী করছি, কিভাবে করছি সভাপতি তা জানেন। আমরা চাপ সম্পর্কে জানি এবং এও জানি যে, কাজের সঙ্গে সমালোচনাও আসে।”
দেশের মাটিতে ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে সেমি-ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল। এর পর লুই ফেলিপে স্কলারিকে সরিয়ে দুঙ্গাকে কোচের দায়িত্ব দেয় দেশটির ফুটবল কনফেডারেশন।
দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর শুরুটা ভালোই করেছিলেন দুঙ্গা। তবে সম্প্রতি সময় খুব একটা ভালো যাচ্ছে না তার দলের। গত বছর চিলিতে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনাল থেকে বাদ পড়েছিল তারা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও খুব একটা ভালো অবস্থায় নেই ব্রাজিল; ৬ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা।
ব্রাজিল দলকে পুনর্গঠন করা হচ্ছে বলে জানান দুঙ্গা। আর এর জন্য সময় প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
“ফুটবল পুনর্গঠনে জার্মানির ১৪ বছরের কাজের আমরা প্রশংসা করেছি। আর ব্রাজিলে আমরা সহজে দুই মিনিটে সব কিছুর পরিবর্তন দেখতে চাই। ফুটবলে আপনি যখন কাজ শুরু করবেন, তখন আপনার ধৈর্য থাকতে হবে। আপনাকে অনড় থাকতে হবে এবং আপনি যা করছেন তাতে বিশ্বাস থাকতে হবে।”
“জার্মানির এই ধৈর্য ছিল। ব্রাজিলের মানুষের অবশ্যই এই ধৈর্য নেই। আমরা দ্রুত সমাধান চাই।”
আগামী অগাস্টে আরেকটি পরীক্ষার মুখে পড়তে হবে দুঙ্গাকে। রিও দে জেনেইরো অলিম্পিকে সোনা জয়ের প্রত্যাশা নিয়ে বসে আছে গোটা ব্রাজিল। অলিম্পিক ফুটবলে এখনও সোনা জেতা হয়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
