২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবার আগে শেষ আটে আরামবাগ

বৃষ্টিতে মাঠ হলো কর্দমাক্ত; খেলাও হলো ম্যাড়মেড়ে। এমন ম্যাচের একেবারে শেষে উত্তেজনা ফিরল শেষ দুই মিনিটের দুই গোলে। ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করে সবার আগে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আরামবাগ ক্রীড়া চক্র।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 10:11 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার দিনের দ্বিতীয় ম্যাচের ৯০তম মিনিটে কেস্টার আকনের গোলে এগিয়ে যায় আরামবাগ। যোগ করা সময়ে পেনাল্টি থেকে ফেনী সকারকে সমতায় ফেরান আকবর হোসেন রিদন।

ফেনী ১ পয়েন্ট পেয়ে যাওয়ায় ‘এ’ গ্রুপ থেকে আবাহনীর কোয়ার্টার-ফাইনালে ওঠার পথটা কঠিন হয়ে গেল। আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে ফেনী সকারকে হারানো ছাড়া কোনো পথ নেই জর্জ কোটানের দলের সামনে। ড্র করলেও গ্রুপ পর্ব পেরুবে ফেনী সকার।

কর্দমাক্ত মাঠে দুই দলের খেলায় ছিল না প্রত্যাশিত গতি। ৩৬তম মিনিটে এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ নষ্ট হয় আরামবাগের। কেস্টারের বাড়ানো বলে আবু সুফিয়ান সুফিলের সোজা শট গোলরক্ষক সুজন চৌধূরী সহজে ফেরান।

৪৩তম মিনিটে গোলরক্ষক দৃঢ়তায় গোল বঞ্চিত হয় ফেনী সকার। নাইজেরিয়ার ফরোয়ার্ড উচে ফেলিক্সের শট পাঞ্চ করে মিতুল হাসান কর্নারের বিনিময়ে ফেরানোর পর গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও খেলায় গতি ফেরেনি। তবে আরামবাগের চেয়ে গোলের সুযোগ বেশি তৈরি করে ফেনী সকার। ৫৫তম মিনিটে বক্সের বাঁ দিক থেকে আরামবাগের কেস্টারের ফ্রি কিক রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বাঁক খেয়ে সোজা জমে যায় গোলরক্ষকের গ্লাভসে।

৬৫তম মিনিটে প্রতিআক্রমণ থেকে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটি নষ্ট করে ফেনী সকার। চৌমরিন রাখাইনের পাস নিয়ন্ত্রণে নিয়ে পোস্টের বাইরে মারেন অধিনায়ক আকবর হোসেন রিদন। দুই মিনিট পর বাইরে মেরে হতাশ করেন চৌমরিন।

৯০তম মিনিটে ডি-বক্সের বাইরে বাঁ দিক থেকে নাইজেরিয়ার ফরোয়ার্ড কেস্টারের ফ্রি-কিক সুজন আটকালেও কাঁদায় পিছলে বল তার গ্লাভস থেকে বেরিয়ে জালে জড়ায়।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ফেনী সকারকে সমতায় ফেরান রিদন। বক্সের মধ্যে আব্দুল্লাহ হামিদ ভাসানী প্রতিপক্ষের শাহারান হাওলাদারকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

দিনের প্রথম ম্যাচে টিম বিজেএমসির সঙ্গে ১-১ ড্র করে রহমতগঞ্জ।