২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের দ্বিতীয় সেরা টাইমিং বোল্টের

বছরের দ্বিতীয় সেরা টাইমিং করে রিও দে জেনেইরো অলিম্পিকের প্রতিদ্বন্দ্বীদের সতর্ক করে দিলেন উসাইন বোল্ট। জ্যামাইকার কিংসটনে রেসার্স গ্রাঁ প্রিতে ৯.৮৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারের দৌড় শেষ করেছেন বিশ্বের দ্রুততম এই মানব।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 08:28 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

এ বছর ১০০ মিটারে বোল্টের চেয়ে কম সময়ে দৌড় শেষ করেছেন একমাত্র ফ্রান্সের জিমি ভিকো (৯.৮৬ সেকেন্ড)।

নিজের মৌসুমের সেরা টাইমিং করতে পেরে খুশি বোল্ট বলেন, “এখানে আমার দৌড় নিখুঁত ছিল না, কিন্তু আমি জিতেছি।”

শুরুতে একটু পিছিয়ে থাকলেও অনায়াসে দুই স্বদেশি ইয়োহান ব্লেক ও আসাফা পাওয়েলকে ছাড়িয়ে যান ১০০ ও ২০০ মিটার দৌড়ে বিশ্ব রেকর্ডের মালিক বোল্ট।

আগামী অগাস্টে ব্রাজিলের রিও দে জেনেইরো অলিম্পিকে ১০০, ২০০ ও ৪*১০০ মিটার রিলেতে গত দুই আসরে শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে নামবেন বোল্ট।