২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে হার এড়াল রহমতগঞ্জ

প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আটকে দেওয়া রহমতগঞ্জ দ্বিতীয় ম্যাচে বিজেএমসির কাছে প্রায় হোঁচট খেতে বসেছিল। শেষ মুহূর্তে রফিকুর রহমান মামুনের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে দলটি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2016, 06:25 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ফেডারেশন কাপে ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ ড্র হয়। স্যামসন ইলিয়াসুর গোলে এগিয়ে যায় বিজেএমসি; রহমতগঞ্জকে সমতায় ফেরান মামুন।
 
দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্ডার সোয়েব মিয়ার দারুণ সেভে বেঁচে যায় টিম বিজেএমসি। বক্সের বাইরে থেকে নেওয়া সতীর্থের ফ্রি কিকে সিও জুনাপিওর হেড গোললাইন থেকে ফেরান সোয়েব; এরপর জুনাপিওর বাইসাইকেল কিকও লক্ষ্যে থাকেনি।
 
৬৩তম মিনিটে এগিয়ে যায় বিজেএমসি। বক্সের বাঁ দিক থেকে আব্দুল্লাহ পারভেজের ফ্রি কিক আলতো টোকায় ঠিকানায় পৌঁছে দেন নাইজেরিয়ার ফরোয়ার্ড ইলিয়াসু।
 
৯০তম মিনিটে সমতায় ফেরে রহমতগঞ্জ; দিদারুল আলমের ক্রসে বিজেএমসি গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল ফেরানোর পর ফিরতি বলে মামুনের শট ঠিকানা খুঁজে পায়।
 
এই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রহমতগঞ্জ। ১ পয়েন্ট মোহামেডান ও বিজেএমসির; আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।