ব্রাজিল একাদশে জায়গা পেতে আত্মবিশ্বাসী ওয়ালেস
পেরুর বিপক্ষে কোনোরকম অঘটনের শিকার হলে কোপা আমেরিকার শতবর্ষী আসর থেকে ছিটকে পড়তে হতে পারে ব্রাজিলকে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবার নির্ভরযোগ্য মিডফিল্ডার কাসেমিরোকে পাচ্ছে না আটবারের চ্যাম্পিয়নরা। তবে রিয়াল মাদ্রিদ তারকার অভাব পূরণে আত্মবিশ্বাসী তরুণ ওয়ালেস।
প্রথম দুই ম্যাচে একটি করে হলুদ কার্ড পাওয়ায় গ্রুপের শেষ ম্যাচে খেলতে পারবেন না রিয়ালকে একাদশ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কাসেমিরো। ২৪ বছর বয়সী এই খেলোয়াড়ের জায়গায় পেরুর বিপক্ষে তাই প্রথম একাদশে সুযোগ মিলতে পারে ওয়ালেসের।
গত সপ্তাহেই হাইতির বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হওয়া ওয়ালেসের সঙ্গে অবশ্য এখনও এ বিষয়ে কথা বলেননি দুঙ্গা। তবে কোচ তাকে সুযোগ দিলে দলকে জেতাতে অবদান রাখতে আত্মবিশ্বাসী গ্রেমিওর এই মিডফিল্ডার।
“প্রত্যেক খেলোয়াড়ের নিজস্ব ধরণ আছে- কাসেমিরোর যেমন আছে। আমাকে সুযোগ দিলে আমি ভালো করার চেষ্টা করব।”
হাইতির বিপক্ষে ৭-১ গোলে জেতা ম্যাচে ৭২তম মিনিটে বদলি হিসেবে নামেন ২১ বছর বয়সী ওয়ালেস।
টুর্নামেন্ট শুরুর আগেই চোটের কারণে ব্রাজিলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড় ছিটকে পড়ে। শিরোপা অভিযানের শুরুতে আবার যোগ হয় একুয়েডরের বিপক্ষে পয়েন্ট হারানোর হতাশা। তবে পরের ম্যাচে দুর্বল হাইতিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
পেরুর বিপক্ষে ন্যূনতম এক পয়েন্ট পেলেই অবশ্য শেষ আট নিশ্চিত হয়ে যাবে দুঙ্গার দলের। বাংলাদেশ সময় আগামী সোমবার সকাল সাড়ে ৬টায় ফক্সবরোতে শুরু হবে ম্যাচটি।
দুই রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে ব্রাজিল। পেরুর পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে পিছিয়ে তারা। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা একুয়েডরেরও শেষ আটে ওঠার সম্ভাবনা আছে।
