মেসি সম্পর্কে মন্তব্য সমালোচনা নয়: মারাদোনা
লিওনেল মেসির নেতৃত্বগুণের ঘাটতি নিয়ে করা আগের মন্তব্যতে অটল আছেন দিয়েগো মারাদোনা। তবে আর্জেন্টিনার এই কিংবদন্তি ফুটবলারের দাবি, মেসির সমালোচনা করার জন্য ওই কথাগুলো বলেননি তিনি।
ক’দিন আগে প্যারিসে এক প্রদর্শনী ম্যাচে ফুটবলের দুই মহানায়ক পেলে ও মারাদোনা একত্রিত হন। সেখানেই কথা প্রসঙ্গে মেসির নেতৃত্বগুণ নিয়ে পেলেকে মারাদোনা বলেন, “সে সত্যি খুব ভালো মানুষ, কিন্তু তার কোনো ব্যক্তিত্ব নেই। তার মধ্যে নেতৃত্বগুণের কমতি আছে।”
কোপা আমেরিকার শতবর্ষী আসরে খেলতে মেসি এখন যুক্তরাষ্ট্রে। চোটের কারণে প্রতিযোগিতাটির শিরোপাধারী চিলির বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলা হয়নি বার্সেলোনার এই ফরোয়ার্ডের। পরের ম্যাচে পানামার বিপক্ষে বদলি হিসেবে নেমে ১৯ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আর্জেন্টিনা অধিনায়ক। তার দলও জেতে ৫-০ ব্যবধানে।
মাঠে ফিরে ফরোয়ার্ড ও অধিনায়ক হিসেবে আলো ছড়ালেও মেসি সম্পর্কে আগের অবস্থানেই আছেন মারাদোনা, “পেলেকে যেটা বলেছিলাম, আমি এখনও (মেসি সম্পর্কে) সেটাই মনে করি। কিন্তু আমি এটাকে সমালোচনা হিসেবে দেখতে চাই না। এটা সমালোচনা নয়।”
১৯৮৬ সালে বলতে গেলে একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে দ্বিতীয় ও এখন পর্যন্ত সর্বশেষ বিশ্বকাপ এনে দেন মারাদোনা।
অধিনায়কত্বের ভার মেসির কাছ থেকে সেরা পাওয়ার পথটা কঠিন করে তুলবে বলে মনে করেন মারাদোনা
“যদি আপনারা চান, মেসি ডান পায়ে খেলুক, তাহলে সে নিম্নমানের খেলবে। আপনাকে তাকে খেলতে দিতে হবে।”
