আলবেনিয়াকে হারিয়ে সুইসদের আত্মবিশ্বাসী শুরু
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মূল প্রতিযোগিতায় অভিষেকে কোনো চমক দেখাতে পারেনি আলবেনিয়া। তাদেরকে একমাত্র গোলে হারিয়ে ইউরো ২০১৬ তে শুভসূচনা করেছে সুইজারল্যান্ড।
ফিফা র্যাংকিংয়ের পঞ্চদশ স্থানে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর ৫০ মিনিটেরও বেশি সময় এক জন কম নিয়ে খেলতে হয় আলবেনিয়াকে। তবে গোলরক্ষকের দৃঢ়তায় ব্যবধান আর বাড়েনি।
লঁসে শনিবার সন্ধ্যায় পঞ্চম মিনিটে মিডফিল্ডার জেরদান শাচিরির কর্নারে হেডে বল জালে জড়ান ডিফেন্ডার ফাবিয়ান সার।
দ্বিতীয়ার্ধে সুইজারল্যান্ডের চমৎকার দুটি সুযোগ নসাৎ করে দেন পুরো ম্যাচে দুর্দান্ত খেলা আলবেনিয়ার গোলরক্ষক এত্রিত বেরিশা।
শুক্রবার উদ্বোধনী দিনে হওয়া ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে রোমানিয়াকে ২-১ গোলে হারায় স্বাগতিক ফ্রান্স।
