২০ বছরের মধ্যে আমিই সেরা: রোনালদো
সময়ের সেরা খেলোয়াড় কে? যে যার নামই বলুন না কেন, ক্রিস্তিয়ানো রোনালদোর তাতে কিছু যায় আসে না। রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ ফরোয়ার্ডের দাবি, ২০ বছরের মধ্যে তিনিই বিশ্ব সেরা ফুটবলার।
প্রথম ফুটবলার হিসেবে টানা ছয় মৌসুমে ৫০ বা তার বেশি গোল করার রেকর্ড গড়া রোনালদো তার ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতেন; তার বর্তমান ক্লাব রিয়ালের হয়ে দুটি, আর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একটি।
পর্তুগালের হয়ে ইউরো খেলতে ফ্রান্সে যাওয়া রোনালদো ইতালির একটি সাময়িকীকে বলেন, “গত ২০ বছরে শীর্ষ খেলোয়াড়দের মধ্যে আমি নিজেকে কোন জায়গায় রাখব? ইতিবাচক ভাবনা থেকে আমি বিশ্বাস করি, যা অর্জন করেছি তাতে এর মধ্যে আমিই সেরা।”
“সেরা অ্যাথলেটরা সব সময়ই তাদের খেলাটিকে প্রভাবিত করে। তাই আমি মনে করি, (ফুটবলে) আমার গুরুত্বপূর্ণ অবদান আছে।”
পর্তুগাল অধিনায়ক এর পর বলেন, “আমি জানি না কতটা (অবদান রেখেছি)। কিন্তু আপনি যদি বাকিদের চেয়ে দ্রুত দৌড়ান, বেশি উপরে লাফ দেন, ধারাবাহিকভাবে শক্তিশালী ও ক্ষিপ্র থাকেন, তাহলে আপনি আপনার প্রতিভাকে যতটা সম্ভব ফলপ্রসূ করতে পারবেন।”
ক্লাব ফুটবলে অনেক কিছু জিতলেও জাতীয় দলের হয়ে এখনও কিছুই জেতা হয়নি রোনালদোর। এবারের ইউরোতে এই অভাব তিনি ঘোচাতে পারবেন বলে মনে করেন না অনেকেই। কারণ, ইউরোতে ফেভারিটদের তালিকায় নেই তার দল পর্তুগাল।
৩১ বছর বয়সী রোনালদো বলেন, “আমি নিজেকে বিশ্বের একজন নাগরিক ভাবি। কিন্তু একজন পর্তুগালের মানুষও, যে তার দেশকে ভালোবাসে। শীর্ষ পর্যায়ে আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।”
ফ্রান্সের সাঁতে ইচেনায় আগামী মঙ্গলবার রাতে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পর্তুগালের ইউরো চ্যাম্পিয়নশিপের অভিযান। ‘এফ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও অস্ট্রিয়া।
