আবাহনীকে হারিয়ে আরামবাগের চমক
ফেডারেশন কাপের উদ্বোধনী দিনেই দারুণ চমক উপহার দিয়েছে আরামবাগ ক্রীড়া চক্র। প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ আট বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ১-০ গোলে হারিয়েছে দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে ২৫তম মিনিটে মোহাম্মদ আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় আরামবাগ। বক্সের মধ্যে কেস্টার আকন প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে বল বাড়ান আব্দুল্লাহকে; নিখুঁত শটে শহিদুল ইসলামকে পরাস্ত করেন এই মিডফিল্ডার। শেষ পর্যন্ত এ গোলে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে সাইফুল বারী টিটোর দল।
চোটের কারণে নির্ভরযোগ্য ফরোয়ার্ড জুয়েল রানা উঠে যাওয়ার পর প্রথমার্ধে বলার মতো কোনো আক্রমণে যেতে পারেনি আবাহনী। দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া দলটির ভালো একটি সুযোগ নষ্ট হয় ৫৬তম মিনিটে, ডান দিক থেকে মামুন মিয়ার ক্রসে সানডে চিজোবার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
৭২তম মিনিটে চিজোবা আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। কামারা সাররার সঙ্গে বল দেওয়া নেওয়া করতে করতে আক্রমণে যাওয়া নাইজেরিয়ার এই ফরোয়ার্ডের শট আটকে আরামবাগকে জয়ের পথে রাখেন গোলরক্ষক মিতুল হাসান।
চার মিনিট পর বক্সের মধ্যে বল পেয়েও জীবন সমতা ফেরার আরেকটি সুযোগ নষ্ট করেন। নির্ধারিত নব্বই মিনিটের খেলায় পিছিয়ে থাকা আবাহনী যোগ করা ছয় মিনিটেও সমতায় ফেরা গোল পায়নি।
দিনের প্রথম ম্যাচে মোহামেডান ও রহমতগঞ্জ ২-২ ড্র করে। রহমতগঞ্জের হয়ে সিও জুনাপিও দুটি, মোহামেডানের ইসমাইল বাঙ্গুরা ও শাহাদত হোসেন একটি করে গোল করেন।
