হকিতে ঊষা, আবাহনীর জয়
প্রিমিয়ার ডিভিশন হকি লিগে সাধারণ বীমাকে ৭-১ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ঊষা ক্রীড়া চক্র। অ্যাজাক্স এসসির বিপক্ষে পাওয়া ৬-০ গোলের জয়ে ঊষার পিছনেই ছুটছে আবাহনী লিমিটেড।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার ঊষার জয়ে চার গোল করেন জাতীয় দলের ফরোয়ার্ড হাসান যুবায়ের নিলয়। কৃষ্ণ কুমার দাস, আসফাক নেওয়াজ ও আলিম বেলাল একটি করে গোল করেন। সাধারণ বীমার একমাত্র গোলদাতা মোহাম্মদ রসুল।
চলতি লিগে নয় ম্যাচে এটি ঊষার অষ্টম জয়। ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে তারা। সাত ম্যাচে হারা সাধারণ বীমার পয়েন্ট ৬।
দিনের প্রথম ম্যাচে মাকদুস আলম হাবুল তিনটি, রুম্মান সরকার দুটি ও শেখ মো: নান্নুর একটি গোলে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
সপ্তম জয় পাওয়া আবাহনী ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। নয় ম্যাচের মধ্যে ছয়টিতে হারা অ্যাজাক্সের পয়েন্ট ৭।
