২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার উইম্বলডন থেকেও সরে দাঁড়ালেন নাদাল

চোটের কাছে হার মেনে ফরাসি ওপেনের মাঝপথে ছিটকে পড়ার পর এবার উইম্বলডন থেকেও সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল। কব্জির চোটের কারণে বছরের তৃতীয় এই গ্র্যান্ড স্ল্যামে খেলতে পারবেন না র‌্যাংকিংয়ের সাবেক শীর্ষ তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2016, 04:31 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

বৃহস্পতিবার নিজের ফেইসবুক পেইজে উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জেতা নাদাল।

কদিন আগে শেষ হওয়া ফরাসি ওপেন চলার সময় বাঁ-হাতের কব্জিতে ব্যথা পান স্পেনের এই তারকা। পরে তৃতীয় রাউন্ডের আগে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন তিনি।

এ মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া উইম্বলডন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানাতে নাদাল ফেইসবুকে লেখেন, “এটা কষ্টের একটা সিদ্ধান্ত, কিন্তু রোলা গাঁরোয় কব্জিতে পাওয়া চোট সেরে উঠতে সময়ের প্রয়োজন।”

৩০ বছর বয়সী নাদাল আরও জানিয়েছেন, এ অবস্থায় খেলা চালিয়ে গেলে তার চোট বাড়ার ঝুঁকি আছে, কব্জি ভেঙেও যেতে পারে। আর তাই কুইন্স ক্লাবে উইম্বলডন ঘাসের কোটে আগামী সপ্তাহের অনুশীলন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ২০০৮ ও ২০১০ সালে এখানে শিরোপা জেতা তারকা।

দীর্ঘ দিন ধরেই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে নাদালকে। হাঁটু, পিঠ এবং কাঁধের চোটের কারণে গত দুই বছরে বেশ কয়েকটি মেজর টুর্নামেন্টে খেলতে পারেননি নাদাল।